এবারে নির্বাচনে জয় হয়েছে রাষ্ট্রবাদী মানুষেরঃ অভিজিৎ তা
এবারের বিধানসভা নির্বাচনে রাষ্ট্রবাদী মানুষের জয় হয়েছে। মানুষ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতকে শক্ত করেছেন। নির্বাচন কমিশন যেভাবে নির্বাচন কার্য পরিচালনা করেছেন, তাতে মানুষ সঠিকভাবে ভোট দিতে পেরেছেন। তারজন্য নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই সাধারণ মানুষকেও। ৪ মে নির্বাচনের ফল ঘোষণার পর বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা তার অনুভূতির কথা জানাতে গিয়ে এই কথাগুলি বলেন। তিনি আরও বলেন, যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা দুর্নীতি করেছেন, তোলাবাজি করেছেন, সাধারণ মানুষকে চূড়ান্ত কষ্ট দিয়েছেন, যেভাবে তারা লুটেছেন তারজন্য তাদের বিচার হওয়া দরকার। আর সেই বিচার হওয়া প্রয়োজন জনতার আদালতে নয়, আইনের আদালতে। এরা যা অন্যায় করেছে এদের প্রত্যেকের জেলে থাকা উচিত। অভিজিৎ বলেন, ভারতীয় জনতা পার্টি এবারের নির্বাচনে ২০০ বেশি আসন পেয়েছে। সরকার গঠন করবে বিজেপি। তিনি বলেন, এবার যখন সারা রাজ্যে নির্বাচনের ফল ঘোষণা হয়ে যাবে, তখন সারা রাজ্যের মানুষ পথে নামবেন, আনন্দ করবেন, আবীর মাখবেন। তাদের সকলের সম্মিলীত উল্লাসে সারা বাংলা মুখরিত হয়ে উঠবে।


