এবার তোলাবাজি, হুমকি ও মারধরের অভিযোগে ধৃত আরুই অঞ্চলের প্রধান সেখ হাসিম আব্দুল হালিম
এবার তোলাবাজি, হুমকি ও মারধরের অভিযোগে গ্রেপ্তার হলেন পূর্ব বর্ধমান জেলার রায়না-২ ব্লকের আরুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সেখ হাসিম আব্দুল হালিম। ধৃতকে রবিবার বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়। শনিবার গভীর রাতে মাধবডিহি থানার পুলিশ তাকে আলমপুরে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে তোলাবাজি, ভয় দেখানো এবং মারধরের একাধিক অভিযোগ জমা পড়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে মাধবডিহি থানার পুলিশ। তদন্তের পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার ধৃত প্রধানকে বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে পুলিশ রিমান্ডের আবেদন জানায় মাধবডিহি থানার পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে রায়না-২ ব্লক এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



