এনআরএসে নার্সের অস্বাভাবিক মৃত্যু, বর্ধমানে কাউন্সিলর গ্রেপ্তার | পুরুলিয়ায় ভয়াবহ আগুন | আজকের ৯ বড় খবর

1 বিজেপির তেরঙ্গা যাত্রায় শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রর বার্তা, রাষ্ট্রদ্রোহী-দেশদ্রোহীদের প্রশ্রয় নয় স্বাধীনতা দিবসের প্রাক্কালে বর্ধমান জেলাজুড়ে মহাসমারোহে আয়োজিত হলো বিজেপি-র ‘তিরঙ্গা যাত্রা’। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র সহ গোটা জেলায় এই কর্মসূচীর আয়োজন করা হয়। জাতীয় পতাকার মর্যাদা ও দেশাত্মবোধের বার্তা নিয়ে আয়োজিত হর ঘর তিরঙ্গা যাত্রা কর্মসূচী অনুষ্ঠিত হল ১৪ আগস্ট বিকেলে। এই তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন বিধায়িকা তথা শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। তিনি পায়ে হেঁটে এই হর ঘর তিরঙ্গা যাত্রায় অংশ নেন। কার্জন গেট থেকে শুরু করে রাণীগঞ্জ বাজার, পার্কাস রোড হয়ে আবার কার্জন গেটে শেষ হয় এই যাত্রা। সংবাদমাধ্যমের মুখোমুখী হয়ে মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানকে আমরা সাড়া দিয়েছি প্রত্যেকে। তিনি বলেন, যারা রাষ্ট্রদ্রোহীতার কাজ করবে, যারা দেশদ্রোহীতার কাজ করবে, তাদেরকে আমরা কোনো রকম ভাবেই প্রশ্রয় দেব না এবং ছাড়বোও না, উপযুক্ত শাস্তি পাবে তারা। জাতীয় পতাকা বা তেরঙা প্রতিটি ভারতবাসীর পরিচয়, আত্মসম্মান ও অস্তিত্বের প্রতীক। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশের প্রতিটি বাড়ি, অফিস, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের আর্জি জানান তিনি। অন্যদিকে বর্ধমান জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে স্বাধীনতার ‘আজাদি কা অমৃত মহোৎসব’ কর্মসূচীর অংশ হিসেবেই প্রতি বছরের মতো এবারও দেশজুড়ে এবং জেলায় জেলায় তিরঙ্গা যাত্রা বের করা হয়েছে। সাধারণ মানুষের মনে জাতীয়তাবাদী মানসিকতা জাগ্রত করা এবং প্রত্যেককে নিয়ম মেনে নিজ নিজ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের জন্য উৎসাহিত করাই এই যাত্রার মূল উদ্দেশ্য।

2 অভিনব কায়দায় মোবাইল চুরি অভিনব কায়দায় পাঁচটি মোবাইল চুরি হলো কালনার জগন্নাথ তলা থেকে। সাত সকালে পূর্ব বর্ধমান জেলার কালনা শহরে পাঁচশো টাকা দিয়ে গাছ থেকে আমড়া পাড়ার লোভ দেখিয়ে পাঁচটা মোবাইল চুরি করে পালালো দুষ্কৃতীরা। শুক্রবার সকালে কালনার জগন্নাথ মন্দিরের পিছনের রাস্তা দিয়ে একটি বাইকে করে হেলমেট পরে দুটি লোক আসে। প্রতিদিন জগন্নাথ তলায় মন্দিরের পাশে বেশকিছু ছেলে বসে মোবাইলে গেম খেলে। সেই সুযোগ নিয়ে পাঁচটা ছেলেকে গাছ থেকে আমড়া পারতে বলে। মাথা পিছু মজুরি ৫০০ টাকা করে দেব বলে। টাকার লোভে পাঁচজন গাছে ওঠার আগে সবাই মোবাইল গুলো সাবধানে গাছের আশেপাশে রাখে। সেই সুযোগে দুজন দুষ্কৃতী পাঁচটা মোবাইল নিয়ে চম্পট দেয়। এই নিয়ে কালনা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।