ঈদ উৎসব উপলক্ষ্যে মসজিদের ইমামদের নিয়ে আলোচনা সভা II ভুতুড়ে ভোটার নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বোঝাচ্ছেন কাউন্সিলর


1
ঈদ উৎসব উপলক্ষ্যে মসজিদের ইমামদের নিয়ে আলোচনা সভা

সামনেই ঈদের উৎসব। আর আসন্ন ঈদ উপলক্ষ্যে জামালপুর থানার পক্ষ থেকে জামালপুর ব্লক অফিসে বিভিন্ন মসজিদের ইমামদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, পুলিশের সিআই বিশ্বজিৎ মন্ডল, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থসারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ সহ অন্যান্যরা। এর পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন পঞ্চায়েতের প্রধান ও উপ – প্রধানরা। মেহেমুদ খান বলেন, সকলকেই শান্তি শৃঙ্খলার সঙ্গে নামাজ পড়তে হবে। তিনি বলেন, জামালপুরে কোনোদিন কোনো সমস্যা হয়নি। জামালপুর সম্প্রীতির জায়গা। আর সেই পরিবেশ বজায় থাকবে বলেই তিনি মনে করেন। মেহেমুদ এদিন সকলকে আগাম এই আনন্দের ঈদ উৎসবের শুভেচ্ছা জানান। যেকোনো সমস্যায় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়, ধর্ম যার যার উৎসব সবার। সকল ইমাম সাহেবদের উদ্দেশ্যে বলা হয় সকলে আনন্দের সঙ্গে ঈদ পালন করুন, প্রশাসন পাশে আছে। তারা আরও বলেন, সেদিন অনেক অল্পবয়স্ক ছেলেমেয়েই গাড়ি নিয়ে রাস্তায় বের হয়। তাই তাদের সকলকে ট্রাফিক নিয়ম মেনে চলতে অনুরোধ করা হয়। বিডিও সকলকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে যেকোনো সমস্যায় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন। সর্বত্র সম্প্রীতির পরিবেশ বজায় রেখে ঈদ উৎসব পালনের আহ্বানও জানান তিনি।

2
ভুতুড়ে ভোটার নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বোঝাচ্ছেন কাউন্সিলর

ভোটার তালিকায় স্থানীয় ভোটারদের নামের পরিবর্তে ভিন রাজ্যের ভোটারদের নাম তোলার চক্রান্ত চলছে। এই কাজে মদত দিচ্ছে কেন্দ্রের শাসক দল বিজেপি। এমনটাই অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আর তাই বর্ধমান শহরের ২৯ নম্বর ওয়ার্ডে স্থানীয় বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে এ বিষয়ে বোঝাচ্ছেন এই ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক। তিনি ভোটারদের কাছে বিজেপির এই চক্রান্তের কথা তুলে ধরার পাশাপাশি কিভাবে তারা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন সে কথাও তুলে ধরেন। সুশান্ত বাবু বলেন, ওয়ার্ডের ছটি পার্টে তারা ধাপে ধাপে বিভিন্ন বাড়িতে যাচ্ছেন। সেখানে স্থানীয় ভোটারদের সঙ্গে এ বিষয়ে কথোপকথন করছেন। এই কাজ এখন চলবে।