আমাদের সমাধান কর্মসূচীতে দ্রুত চাহিদা মেটানোর উদ্যোগ | ক্যারাটেতে সেরাদের পুরস্কার প্রদান


3
আমাদের সমাধান কর্মসূচীতে দ্রুত চাহিদা মেটানোর উদ্যোগ

বর্ধমান শহরের ৩৫টি ওয়ার্ডেই শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচী। এই কর্মসূচীর অঙ্গ হিসেবে শহরের ২৯ নম্বর ওয়ার্ডের ১১৭, ১১৮ ও ১১৯ নম্বর বুথ মিলিয়ে একটি ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পে আগত মানুষজনকে এই প্রকল্পের মূল উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক, বর্ধমান পৌরসভার সচিব জয়রঞ্জন সেন, মহকুমা শাসক দপ্তরের অফিসার শ্যামল রায় প্রমুখ। এই শিবিরে উজ্জ্বল প্রামাণিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচীর মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোকপাত করেন। এই প্রকল্পের সুবিধা গ্রহণে সকলের কাছে আহ্বান জানান। সুশান্ত প্রামাণিক বলেন, ওয়ার্ডে তিনটি করে বুথ নিয়ে একটি করে ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এই ক্যাম্পে আগত মানুষদের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচী সম্পর্কে বলা হচ্ছে। আমরা জনপ্রতিনিধিরা যেমন এ বিষয়ে সাধারণ মানুষের কাছে বার্তা দিচ্ছি, তেমনই সরকারি আধিকারিক হিসেবে জয়রঞ্জন সেন, শ্যামল রায় এরাও এলাকাবাসীকে অবহিত করছেন। আমরা আশাবাদী, এই ওয়ার্ডের মানুষরা ক্যাম্পে নির্দিষ্ট দিনে এসে তাদের প্রাপ্য সুবিধাগুলি নেবেন। তাদের চাহিদা ও সমস্যার কথা তুলে ধরবেন। প্রশাসনের পক্ষ থেকে সব দিক বিবেচনা করে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। (পজ্)

4
ক্যারাটেতে সেরাদের পুরস্কার প্রদান

জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সেরাদের পুরস্কৃত করা হলো। বর্ধমানে একটি বেসরকারি ভবনে এখানে ক্রীড়া ক্ষেত্রে যারা সফল তাদের পুরস্কৃত করার পাশাপাশি এডুকেশন এক্সেলেন্ট অ্যাওয়ার্ডও প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ক্যারাটেতে জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল দার্জিলিংয়ে। সেখানে ১০ জন প্রতিযোগী অংশ নেন। আন্তর্জাতিক প্রতিযোগিতা হয় দীঘাতে। এই প্রতিযোগিতায় ১৩ জন প্রতিযোগী অংশ নেন। তারা সকলেই সাফল্য লাভ করেন বলে জানা যায়। (পজ্)