আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে প্রস্তুতি বৈঠকে মন্ত্রী | বর্ধমানেও অনুষ্ঠিত হলো প্রস্তুতি বৈঠক | “আমাদের পাড়া আমাদের সমাধান” শুরু হলো কর্মসূচী


1
আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে প্রস্তুতি বৈঠকে মন্ত্রী

২ আগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে রাজ্য সরকারের নতুন কর্মসূচী “আমাদের পাড়া আমাদের সমাধান”। আর এই কর্মসূচীকে সার্থকভাবে রূপায়িত করার লক্ষ্য নিয়ে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের হেমাতপুরে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ কুমার মল্লিক প্রমুখ। এই প্রস্তুতি বৈঠকে স্বপন দেবনাথ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই উদ্যোগ কার্যকর করা হয়েছে। এরজন্য একটি গাইডলাইন দেওয়া হয়েছে। নিয়মমতো তিনটি বুথ নিয়ে একটি করে ক্যাম্প হবে। সরকারের পক্ষ থেকে প্রতি বুথের জন্য ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। প্রতিটি পাড়াতেই যে সমস্ত ছোট ছোট সমস্যা রয়েছে তার সমাধান করা হবে। এই কর্মসূচীতে মোট খরচা হবে আট হাজার কোটি টাকা। এরফলে রাজ্যের প্রায় ৮০ হাজার বুথে মানুষরা ক্যাম্পে উপস্থিত হয়ে তাদের মতামত জানাবেন। এই কর্মসূচী শুরু হচ্ছে ২ আগস্ট, শেষ হবে ৩ নভেম্বর পর্যন্ত। দিলীপ মল্লিক বলেন, এই পঞ্চায়েত সমিতি এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচীর সার্থক রূপায়ণে সবরকম উদ্যোগ নেওয়া হয়েছে।(পজ্)

2
বর্ধমানেও অনুষ্ঠিত হলো প্রস্তুতি বৈঠক

আমাদের পাড়া আমাদের সমাধান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২ আগস্ট থেকে শুরু হলো এই কর্মসূচী। তার আগে বর্ধমানের পান্থশালায় এই কর্মসূচীকে সফলভাবে রূপায়িত করবার জন্য প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার প্রমুখ। এই বৈঠকে খোকন দাস বলেন, আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অনন্য উদ্যোগ। এর মধ্যে দিয়ে প্রত্যেক এলাকার মানুষ তার নিজের চাহিদা নিজের সমস্যার কথা বুথ ভিত্তিক ক্যাম্পে এসে তুলে ধরতে পারবেন। সমস্ত মানুষের মতামত নিয়ে প্রতিটি এলাকায় তাদের যে মূল চাহিদা তা পূরণ করা হবে। এই প্রকল্পের সার্থক রূপায়ণে সর্বত্র উদ্যোগ গ্রহণ করতে হবে। পরেশ চন্দ্র সরকার বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি দৃষ্টান্তমূলক কর্মসূচী নিয়েছেন। এর মধ্যে দিয়ে সাধারণ মানুষের চাহিদা পূরণ হবে। বিভিন্ন এলাকায় অগ্রাধিকারের ভিত্তিতে সমস্যার সমাধান করা হবে। (পজ্)

3
“আমাদের পাড়া আমাদের সমাধান” শুরু হলো কর্মসূচী

সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচী। ২ আগস্ট এই কর্মসূচীর সূচনা হলো। এদিন পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুর অঞ্চলের ৪৭ ৪৯ ও ৫০ নম্বর বুথ নিয়ে ক্যাম্প শুরু হয়। উপস্থিত হন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, এই সমস্ত ক্যাম্পে স্থানীয় মানুষরা উপস্থিত হয়ে তাদের চাহিদার কথা, সমস্যার কথা জানাতে পারবেন। তাদের মতামত নিয়েই বিভিন্ন এলাকায় সমস্যার সমাধান করা হবে। রাস্তা থেকে শুরু করে নর্দমা যেখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেই কাজ প্রাধান্য দিয়ে করা হবে। তারজন্য এলাকার প্রত্যেক মানুষকে এই ক্যাম্পে উপস্থিত হওয়ার আহ্বান জানান স্বপন দেবনাথ।