খুঁটিপুজোর মধ্যে দিয়ে আলমগঞ্জ বারোয়ারি দুর্গাপুজোর শুভ সূচনা | মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ কাউন্সিলরের | প্রয়াত তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস


1
খুঁটিপুজোর মধ্যে দিয়ে আলমগঞ্জ বারোয়ারি দুর্গাপুজোর শুভ সূচনা

বর্ধমানের অন্যতম দুর্গোৎসব আলমগঞ্জ বারোয়ারির খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, স্থানীয় কাউন্সিলর নাড়ুগোপাল ভকত, কাউন্সিলর ইন্তেখাব আলম, বিশিষ্ট উদ্যোগপতি সনৎ নন্দী প্রমুখ। এদিন পূজার্চনার মধ্যে দিয়ে খুঁটিপুজো অনুষ্ঠিত হয়। বিধায়ক খোকন দাস বলেন, বর্ধমানে যে কটি পুজো দর্শনার্থীদের কাছে বরাবরই আকর্ষণীয় হয়ে ওঠে, তার মধ্যে আলমগঞ্জ বারোয়ারি অন্যতম। তিনি বলেন, এবারে এই পুজোর থিম মায়াজাল। আমরা আশারাখি উদ্যোক্তাদের যে থিম তা দর্শনার্থীদের আকৃষ্ট করবে। একই সঙ্গে বিধায়ক বলেন, এ বছরও বর্ধমান শহরে দুর্গোৎসবের পরে কার্নিভাল অনুষ্ঠিত হবে। যদি সব দিক ঠিক থাকে, প্রশাসনের অনুমতি পাওয়া যায় তাহলে বর্ধমান টাউন হল প্রাঙ্গণ থেকে এবার উত্তর ফটক পর্যন্ত কার্নিভাল করার একটা পরিকল্পনা রয়েছে। তবে সবটাই প্রশাসনের অনুমতির ওপর নির্ভর করছে। আমরা আশারাখি এবারও কার্নিভাল আকৃষ্ট করবে শহরবাসীকে। (পজ্)

সনৎ নন্দী বলেন, আমরা প্রতিবছরই নির্দিষ্ট একটি থিমকে সামনে রেখে পুজো করি। আশাকরি এবারও এই থিম দর্শনার্থীদের আকৃষ্ট করবে। আমাদের মূল লক্ষ্য থাকে ভক্তি সহকারে মায়ের পুজো করা। পাশাপাশি বিশেষ থিমের মাধ্যমে আলামগঞ্জ বারোয়ারি রং পুজো মণ্ডপকে সকলের কাছে আকর্ষণীয় করে তোলা।

2
মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ কাউন্সিলরের

শহরের ২২ নম্বর ওয়ার্ডের পাশাপাশি ৩৫ টি ওয়ার্ডের বাসিন্দাদের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছেন ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাড়ুগোপাল ভকত। এ প্রসঙ্গে এক সাংবাদিক সভায় নাড়ুগোপাল ভকত জানান, আগামী ২ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত আলমগঞ্জ কল্পতরু ময়দানে ম্যারেজ হলে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। এই শিবিরে লায়ন্স ক্লাব সহ বিভিন্ন চিকিৎসা পরিষেবা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা ও স্বাস্থ্যকর্মীরা পরিষেবা প্রদান করবেন। কাউন্সিলর বলেন, ২২ নম্বর ওয়ার্ডে বহু গরীব মানুষ বাস করেন। এদের অনেকেই রাইস মিল সহ বিভিন্ন জায়গায় কাজ করেন। এই সময় তারা বেশিরভাগই সর্দি, জ্বর, কাশি, পেটের অসুখ ইত্যাদিতে ভুগছেন। বিশেষ করে বর্ষার সময় গরীব মানুষদের নানারকম রোগ হয়। তাই এই সমস্ত মানুষদের কথা চিন্তা করে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। ৬ দিনব্যাপী এই স্বাস্থ্য পরীক্ষা শিবির চলবে। ২ আগস্ট থেকে ৭ আগস্ট প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে। শুধু ২২ নম্বর ওয়ার্ড নয়, আমরা ৩৫ টি ওয়ার্ডের নাগরিকদের কাছে এই পরিষেবা গ্রহণের জন্য প্রচার করছি বলে জানান নাড়ুগোপাল।

3
প্রয়াত তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস

প্রয়াত হলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস। বেশকিছু দিন ধরে শারীরিক ভাবে অসুস্থ ছিলেন তিনি। জানা গেছে, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার তার মৃত্যু হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। তিনি বলেন, তার আকস্মিক মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তার আত্মার শান্তি কামনা করি। প্রসেনজিৎ দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন দলের শহর সভাপতি তন্ময় সিংহ রায়। তিনি বলেন, অপ্রত্যাশিত এই মৃত্যু। তার পরিবার বর্গের প্রতি সমবেদনা জানাই।