আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠান দুর্গাপুর উইমেন্স কলেজে II উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালো বর্ধমান ১ নং ব্লক যুব তৃণমূল II উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন


1
আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠান দুর্গাপুর উইমেন্স কলেজে

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষ্যে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুর্গাপুর উইমেন্স কলেজে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এই লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। কলেজ প্রাঙ্গণে তাকে অভিবাদন জানান এনসিসি ক্যাডেটরা। এরপর কীর্তি আজাদ কলেজের অনুষ্ঠানে অংশগ্রহণ করে বলেন, আমাদের সমাজের অন্যতম মূল চালিকাশক্তি হলেন নারীরা। তাদের সামনে রেখেই প্রতিটি পরিবার থেকে শুরু করে গোটা দেশ এগিয়ে চলেছে। তিনি বলেন, এই রাজ্যে নারী শিক্ষার অগ্রগতিতে রাজ্য সরকার সচেষ্ট রয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি এই কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এখানকার ছাত্রীদের দীর্ঘজীবন ও সাফল্য কামনা করেন।

2
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালো বর্ধমান ১ নং ব্লক যুব তৃণমূল

উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর প্রথম থেকেই ছাত্রছাত্রীদের পাশে থেকে তাদের সবরকমভাবে সহযোগিতা করা হয়েছে মাদার অর্গানাইজেশন তৃণমূল কংগ্রেস ও তাদের শাখা সংগঠন তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এই এলাকার বিদ্যাসাগর স্কুলে আগত পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল, পেন, কেক, জলের বোতল ইত্যাদি তুলে দিয়ে তাদের সেখানে স্বাগত জানানো হয়। বর্ধমান ১ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন। ছিলেন মাদার অর্গানাইজেশন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ সদস্য-সমর্থকরাও। এ প্রসঙ্গে মানস ভট্টাচার্য বলেন, আজকে যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারা আমাদের রাজ্য তথা দেশের ভবিষ্যৎ। এদের হাত ধরেই আমাদের রাজ্য ও দেশ এগিয়ে যাবে। আমাদের সমাজ ও সভ্যতা উন্নত হবে। তাই তাদের সাফল্য কামনাতেই আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি।
মাধ্যমিক পরীক্ষার মতোই উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতেও আমরা এখানে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের পাশে থেকে সবরকম সহযোগিতা করছি বলে জানান মানস ভট্টাচার্য।

3
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন

উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ৩ মার্চ থেকে। এই পরীক্ষা কেন্দ্রের সামনে উপস্থিত থেকে সেখানে আগত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্য নিয়ে তাদের হাতে পেন ও জলের বোতল তুলে দিলেন বিশিষ্ট সমাজসেবী তথা বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলর বৃন্দ। তন্ময়বাবু বর্ধমান শহরের টিকরহাটে রামকৃষ্ণ স্কুল, বীরহাটা মোড়ে বিদ্যার্থী বয়েস স্কুল, ইছলাবাদে ইছলাবাদ হাইস্কুল ও ময়ূরমহলে রাণীস্কুলে পরীক্ষা দিতে আসা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। স্থানীয় কাউন্সিলরদের উপস্থিতিতে তন্ময় তাদের হাতে পেন ও জলের বোতল তুলে দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এর আগে মাধ্যমিক পরীক্ষার সময়ও আমরা পরীক্ষার্থীদের হাতে এইসব সামগ্রী তুলে দিয়েছিলাম। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ও তাদের হাতে এগুলি তুলে দেওয়া হলো। যার মূল লক্ষ্য হলো ছাত্র-ছাত্রীদের পরীক্ষার দিনগুলিতে পাশে থেকে অনুপ্রাণিত করা। তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা। আমরা চাই প্রত্যেক পরীক্ষার্থী যেন সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন।