“‘Say No to Drugs’ বার্তায় সরব বর্ধমান, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের সচেতনতা পদযাত্রা” উপস্থিত পুলিশ সুপার পুষ্পা

“‘Say No to Drugs’ বার্তায় সরব বর্ধমান, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের সচেতনতা পদযাত্রা” উপস্থিত পুলিশ সুপার পুষ্পা

মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে শুক্রবার বর্ধমান শহরে এক বর্ণাঢ্য সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করে বর্ধমান জেলা পুলিশ ও বর্ধমান থানার পুলিশ। শহরের টাউন হল গেট থেকে বীরহাটা পর্যন্ত প্রায় এক কিলোমিটার পথ পরিক্রমা করে এই পদযাত্রার মাধ্যমে মাদকের অপব্যবহার, অবৈধ পাচার এবং এর ভয়াবহ সামাজিক প্রভাব সম্পর্কে নাগরিকদের সচেতন করার বার্তা দেওয়া হয়।
পদযাত্রায় অংশ নেন পুলিশ সুপার পুষ্পা, জেলার একাধিক পুলিশ আধিকারিক, পুলিশকর্মী এবং বিপুল সংখ্যক পড়ুয়া। অংশগ্রহণকারীদের হাতে ছিল ‘Say No to Drugs’ লেখা ব্যানার ও বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড। মাদক থেকে দূরে থাকার আহ্বানের পাশাপাশি সুস্থ জীবনযাপন, শিক্ষার প্রসার, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং যুব সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও তুলে ধরা হয়।
এছাড়াও, মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা, কাউন্সেলিং ও পুনর্বাসনের জন্য প্রয়োজনে বর্ধমান থানার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে লড়াই শুধুমাত্র আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব নয়। সমাজের প্রতিটি মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই লড়াই সফল হতে পারে না। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলীত উদ্যোগেই মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।
পুলিশের মতে, বর্তমান সময়ে যুব সমাজের মধ্যে মাদকের বিস্তার একটি গুরুতর সামাজিক উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই শুধু আইনানুগ অভিযান নয়, ধারাবাহিক সচেতনতামূলক কর্মসূচীর মাধ্যমেও মানুষকে সচেতন করা হচ্ছে। বিশেষ করে ছাত্রছাত্রী ও তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে অবহিত করে তাদের সুস্থ ও সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।