বিদ্যালয়ে শিক্ষার মানকে আরও উন্নত করতে অভিনব উদ্যোগ II গলসী উৎসব ২০২৪ এর সূচনা II শুরু হলো মানকর বিদ্যাসাগর মেলা

1
বিদ্যালয়ে শিক্ষার মানকে আরও উন্নত করতে অভিনব উদ্যোগ

সরকারি স্কুল থেকে যখন মুখ ফিরিয়ে বেসরকারি স্কুলের প্রতি আকর্ষণ বাড়ছে অভিভাবকদের তখন সরকারি শিক্ষার মানকে আরও উন্নত করতে নতুন উদ্যোগ নিল কালনা অম্বিকা মহিষমর্দিনী উচ্চ বিদ্যালয়। এতদিন ছাত্রছাত্রীরা দেখে এসেছিল স্টেজের উপরে বরণ করে সম্বর্ধিত করতে শুধুমাত্র রাজনৈতিক নেতানেত্রীদের, কিন্তু এ বছর কালনা অম্বিকা মহিষমর্দিনী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বাৎসরিক মূল্যায়নে ৮০ শতাংশের উপরে প্রাপ্ত নম্বরের ৬৫ জন ছাত্রকে স্কুলের উত্তরীয় দিয়ে সম্বর্ধিত করে সার্টিফিকেট সহ নগদ অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হলো। এই ধরনের সম্মান পেয়ে ছাত্ররা ভীষণ খুশি। স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত রায় জানান, এই বছর প্রথমেই উদ্যোগ নেওয়া হয়েছে ছাত্রছাত্রীরা যেন আরও তাদের বাৎসরিক মূল্যায়নের মান বাড়াতে আগ্রহী হয় এবং অভিভাবকেরা যেন সরকারি স্কুলে পড়াবার প্রবণতা বাড়ে। তাই এই উদ্যোগ। (পজ্)

বিধায়ক দেবপ্রসাদ বাগ জানান, শিক্ষার মান বাড়াবার জন্য রাজ্য সরকার উদ্যোগী। ক্রমশ সরকারি স্কুলে চাপ বাড়ছে, ছাত্র সংখ্যাও আগের তুলনা অনেক বেড়ে চলেছে‌। এটা একটা ভালো দিক

2
গলসী উৎসব ২০২৪ এর সূচনা

গলসী উৎসব ২০২৪ এর শুভ সূচনা হলো পায়রা উড়িয়ে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে। এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। উপস্থিত ছিলেন মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারপার্সন কাকলি গুপ্ত তা, গলসীর বিধায়ক নেপাল ঘড়ুই সহ অন্যান্য অতিথিবৃন্দ। এদিন অনুষ্ঠানের উদ্বোধন করে খোকন দাস বলেন, গলসী উৎসব আগের চেয়ে কলেবরে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আগামী দিনে এই উৎসব আরও অনেকটাই প্রসারিত হবে এই আশা রাখছি। স্থানীয় মানুষের আন্তরিক সহযোগিতা এই উৎসবের আরও শ্রীবৃদ্ধি ঘটাবে। এই ধরনের উৎসব আয়োজনের মূল লক্ষ্য হলো, একদিকে যেমন স্থানীয় মানুষদের আনন্দ দেওয়া তেমনই কিছু মানুষের আয়ের ব্যবস্থা করা। এর মধ্যে একটা আর্থিক দিক যুক্ত রয়েছে। তাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের উৎসব ও মেলা করার কথা বারবার বলেছেন। এখানে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই করা সম্ভব হয়েছে।

3
শুরু হলো মানকর বিদ্যাসাগর মেলা

মানকর বিদ্যাসাগর মেলা ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। উদ্বোধন করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি ঝা আজাদ ও অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী। উপস্থিত ছিলেন গলসীর বিধায়ক নেপাল ঘড়ুই, পূর্ব বর্ধমান জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ প্রমুখ। ঢাকের বাদ্যিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা হলো। সূচনা পর্বে কীর্তি ঝা আজাদ বলেন, এই ধরনের উৎসব যেকোনো গ্রামীণ জীবনে আনন্দের ছোঁয়া নিয়ে আসে, বহু মানুষের উপস্থিতিতে এই ধরনের উৎসব প্রাঙ্গণ একটা মিলন ভূমি হয়ে ওঠে। এই উৎসবের ধারাবাহিকতাকে রক্ষা করতে হবে।