ছাত্রছাত্রীদের সচেতন করতে কলেজে কর্মশালা, স্বাক্ষর হলো মৌ
লক্ষ্য হলো ছাত্রছাত্রীদের আরও বেশি করে সচেতন করা। আর সেই লক্ষ্য নিয়েই স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশনের উদ্যোগে তিনটি পৃথক বিষয়ে হুগলী জেলার শরৎ সেন্টেনারী কলেজে অর্ধদিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন জেলা বিচারক শান্তনু ঝা , সহকারি দায়রা বিচারক মানালী সামন্ত , জেলা পুলিশের উপ – আরক্ষাধক্ষ্য সৌম্য শান্ত পাহারী ও শিক্ষানবীশ পুলিশ আধিকারিক ড: ভুনসারা বানু এবং বিধায়ক অসীমা পাত্র সহ কলেছের তিন শতাধিক ছাত্রছাত্রী। সংস্থার প্রধান কার্যনির্বাহী আধিকারিক সন্দীপন সরকার জানান “জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহযোগিতায় এদিন আইনি সচেতনতায় কলেজ পড়ুয়ারা আলোচনায় অংশ নেয়। নাগরিকদের দায়িত্ব ও অধিকার বিষয়ে আলোচনা করা হয়। দিল্লীর স্বেচ্ছাসেবী সংস্থা সামায়ু’র সহযোগিতায় উদ্ভিদ জাত খাবারের সুফলের পাঠ দেওয়া হয় ছাত্রছাত্রীদের। উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ পার্থপ্রতিম মিত্র। জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ স্বীকৃত বেসরকারি বর্জ্য ব্যাবস্থাপক সংস্থা হুলাডেক রিসাইক্লিং এর সহযোগিতায় বৈদ্যুতিন বর্জ্য ব্যবস্থাপনা সমন্ধে সচেতনতামূলক আলোচনা করা হয়। এছাড়াও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশ বান্ধব উদ্যোগকে সহায়তা করতে এবং অন্যান্য সবুজ কার্যকলাপের উদ্দেশ্যে স্টার্ট আপ ফাউন্ডেশনের সঙ্গে শরৎ সেন্টেনারী কলেজের সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষর হয়। জাতিয় মূল্যায়ন ও স্বীকৃতী পরিষদের নিয়মানুসারে কলেজের মানোন্নয়নে এহেন চুক্তি অগ্রণী ভূমিকা নেবে বলে জানান অধ্যক্ষ ড: সন্দীপ বসাক। তিনি বলেন এই উদ্যোগ আগামী দিনে যথেষ্ট ফলপ্রসু হবে বলেই আমরা মনে করছি।


