শব্দ তাণ্ডব রুখতে পিকনিকে উচ্চস্বরে মাইক ও ডিজে বাজানো বন্ধের আবেদন জেলাশাসকের কাছে
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তার মধ্যে শীতের দিনে পিকনিকও একটি বলা যায়। আর প্রতি বছরই শীত পড়ার সঙ্গে সঙ্গেই বাঙালি মেতে ওঠে পিকনিকে। আর এই পিকনিকের মধ্যেই চলে মাইক ও ডিজে বক্স বাজিয়ে শব্দ তাণ্ডব। যা অতিষ্ট করে তোলে সাধারণ মানুষ থেকে পশুপাখি সকলকেই। বয়স্ক মানুষ ও হৃদরোগীদের প্রাণান্তকর অবস্থা হয় এবং অনেকে মারাও যান এই ধরনের অপ্রীতিকর ঘটনায়। তাই এই শব্দ তাণ্ডব বন্ধ করার জন্য বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি জেলাশাসক আয়েশা রাণী এ-র কাছে একটি আবেদন পত্র জমা দিল। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন, সহনশীলতার ৬৫ ডেসিবেল এর বেশি মাত্রার শব্দ মানুষ ও পশুপাখি সকলের উপরেই বিরূপ প্রতিক্রিয়া তৈরী করে। তাই এই অত্যাচার বন্ধে আমাদের সকলকেই উদ্যোগী হতে হবে। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা চাই আমরা। তাই পূর্ব বর্ধমান জেলার সর্বত্র এই ধরনের অমানবিক কাজ বন্ধ করার লক্ষ্য নিয়ে জেলাশাসকের কাছে আবেদন জানানো হয়েছে। আমরা আশা রাখছি, এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চয়ই বিষয়টি গুরুত্ব সহকারে নজর দেওয়া হবে।


