নির্বাচনের মাধ্যমে নতুন ছাত্র সংসদ গঠনের দাবি এসএফআইয়ের
এই রাজ্যে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বন্ধ ছাত্র সংসদ নির্বাচন। অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ছাত্র সংসদের নামে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করছে তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বাধীন অবৈধ ছাত্র সংসদের প্যাডে ছাত্রছাত্রীদের হোস্টেল অ্যাকোমোডেশনের ফর্ম ফিলাপের বিভিন্ন কাজ করা হচ্ছে। যা অগণতান্ত্রিক ও অবৈধ। অবৈধ ছাত্র সংসদকে বাতিল ঘোষণা করে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে নতুন ছাত্র সংসদ গঠনের দাবি জানালো এসএফআই। এর পাশাপাশি গণতান্ত্রিক পদ্ধতিতে মেস কমিটির নির্বাচন এবং প্লেসমেন্ট সেল ও স্টুডেন্টস্ ওয়েলফেয়ার অফিসের মাধ্যমে হোস্টেল অ্যাকোমোডেশনের কাজ সম্পন্ন করার দাবিতে ২ ডিসেম্বর এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ডেপুটেশন দিতে যাওয়া হয়। উপাচার্যের অনুপস্থিতিতে রেজিস্ট্রারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। মিছিল করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভও চলে এসএফআইয়ের পক্ষ থেকে। ডেপুটেশনে প্রতিনিধিত্ব করেন জেলা সভাপতি প্রবীর ভৌমিক, জেলা সম্পাদক উষসী রায় চৌধুরী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অয়ন মন্ডল ও বিশ্ববিদ্যালয় লোকাল কমিটির সম্পাদক সোমনাথ মন্ডল।
বৈদ্যুতিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সম্মেলন
জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ স্বীকৃত কোলকাতার এক বেসরকারি বর্জ্য ব্যাবস্থাপক সংস্থা “হুলাডেক রিসাইক্লিং” এর উদ্যোগে বৈদ্যুতিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সম্মেলন আয়োজিত হল বর্ধমানে। জেলার ইলেকট্রনিক বর্জ্য সমস্যা সমাধানের বিষয়ে কর্মশালার পাশাপাশি বিগত সময়ে সঠিকভাবে ই-বর্জ্য ব্যবস্থাপনায় বা সচেতনতায় যারা বিশেষ অবদান রেখেছে তাদেরও সম্মানীত করা হয়। অংশ নেন এক্ষেত্রের দক্ষ ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সহযোগী সংগঠন, স্কুল ও কলেজের প্রতিনিধিবৃন্দ। সংস্থার তরফে উদ্যোগপতি নন্দন মল জানান “প্রাক দীপাবলিতে বিশেষ অভিযানে রাজ্যের নিরিখে সর্বোচ্চ পরিমাণ (২১০২কেজি) ই-বর্জ্য সংগ্রহের জন্য স্বেচ্ছাসেবী সংস্থা বিভাগে স্টার্ট আপ ফাউন্ডেশন পুরস্কৃত হয়”। এই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে বিগত ৬ মাসে পূর্ব বর্ধমান জেলার ৯৭টি স্কুল সহ অনান্য জেলার আরও ৪৭ স্কুলে ক্রমাগত কর্মশালার আয়োজন করা হয় বলে সংস্থার তরফে সন্দীপন সরকার জানান।
জেলায় ওই একই ক্ষেত্রে বিদ্যালয় বিভাগে ‘সড্ড্যা হাই স্কুল’ ও ‘সাদিপুর ডি. এস. স্মৃতি বিদ্যানিকেতন’ এবং সম্প্রদায় বিভাগে ‘আর.সি.এ. বর্ধমান’ পুরস্কৃত হয়। ব্যক্তিগত বিভাগে সৌম্যদীপ ঘোষ , মহম্মদ ইয়াসিন সেখ ও রাজ ঘোষ পুরস্কার পায়। এছাড়াও সাতটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কয়েকজন ব্যক্তিবর্গ সম্মানীত হন জেলার বৈদ্যুতিন বর্জ্য সমস্যার নিষ্পত্তিতে অন্যতম অবদান রাখার জন্য। সন্দীপন সরকার আরও জানান, পূর্ব বর্ধমান জেলা প্রশাসনকেও বিনামূল্যে বৈদ্যুতিন বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা করার ব্যাপারে তাদের তরফে লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে। যা বাস্তবায়িত হলে জেলার ই-বর্জ্য সমস্যায় কার্যকরী পদক্ষেপ হবে বলেই মনে করা হচ্ছে।


