ভোটার লিস্ট সংশোধনের বার্তা দিতে আবারও ভোটারদের বাড়ি বাড়ি গেলেন কাউন্সিলর
আমাদের প্রত্যেকের কাছেই ভোটার লিস্ট সংশোধনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজে যাতে কোনোরকম গাফিলতি না থাকে, তারজন্য ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের বোঝানো হচ্ছে বলে জানালেন বর্ধমান শহরের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক। তিনি বলেন, গত ১২ নভেম্বর থেকে এই ভোটার লিস্ট সংশোধনের কাজ শুরু হয়েছে। সারা রাজ্যের পাশাপাশি এখানেও এই কাজ চলছে। এই সংশোধনের কাজ চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। এই সময়কালের মধ্যে যাতে কারও কোনো সমস্যা না হয়, তারজন্য ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে প্রচার করছেন। শনি ও রবিবার এই ওয়ার্ডের ১১৬ নম্বর পার্টে এবং ১১২ নম্বর পার্টে গিয়ে ভোটারদের এ বিষয়ে বোঝানো হয়েছে। নতুন ভোটারদের ভোটার লিস্টে নাম তোলার জন্য বলা হচ্ছে। যাদের নাম বিয়োজনের প্রয়োজন আছে, কিভাবে তা করবেন সে কথাও বলা হচ্ছে। যারা নাম সংশোধন করবেন, তাদেরও সেদিকে নজর দেওয়ার কথা বলা হচ্ছে। এই কাজ এখনই না করলে জানুয়ারি মাসে যে নতুন ভোটার লিস্ট প্রকাশিত হবে, সেখানে তখন নাম থাকবে না। সেই ধরনের সমস্যা যাতে না হয় তারজন্যই ওয়ার্ডে বুথে যেখানে বুথ লেভেল অফিসাররা বসছেন সেখানে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করার কথা ভোটারদের বলা হচ্ছে বলে জানান সুশান্তবাবু। তিনি বলেন, প্রয়োজনে আমরা ভোটারদের কাছে ফর্ম পৌঁছে দিচ্ছি। তারা যাতে দ্রুত তা পূরণ করে জমা দেন সে কথাও বলা হচ্ছে তাদের।


