শীত এসে গেছে। বাতাসে হিমেল ছোঁয়া প্রবেশের সঙ্গে সঙ্গেই বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে শীত বস্ত্র প্রদানের আয়োজন করা হয়। স্থানীয় উদয়চাঁদ জেলা গ্রন্থাগার প্রাঙ্গণ থেকে ২০০ জন বয়স্ক দুঃস্থ মানুষের হাতে শীতের কম্বল তুলে দেওয়া হয়। এই সমগ্র অনুষ্ঠানটিতে আর্থিক সহায়তা করেছেন বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাস। দিব্যেন্দু দাস জানান , ওনার কন্যা সন্তানের জন্মদিন উপলক্ষ্যে কম্বল তুলে দেওয়া ও সাধারণ মানুষকে মিষ্টি মুখ করানোর এই মহান আনন্দযজ্ঞে সামিল হতে চেয়েছিলেন। বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি তার সেই ইচ্ছা পূরণের উদ্দেশ্যে ২০০ জন বিভিন্ন প্রান্তিক মানুষকে একত্রিত করে তাদের হাতে কম্বল তুলে দেওয়ার ব্যবস্থা করে। আগত সকল গরিব দুঃস্থ মানুষরা জানান, শীত পড়তে না পড়তেই কম্বলের মধ্যে দিয়ে যে উষ্ণতার ছোঁয়া তারা পেলেন তা সত্যিই তাদের কাছে অনেক মূল্যবান। অনেক উপকৃত হয়েছেন তারা। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন, আমরা সারা বছর মানুষের সঙ্গে মানুষের পাশে থেকে সেবার কাজ চালিয়ে যাচ্ছি। শীত, গ্রীষ্ম, বর্ষা প্রত্যেকটি সময় এই ভাবেই আমরা মানুষের পাশে দাঁড়াই। আগামী দিনেও আমাদের সেবাঊ কাজ এই ভাবেই চালিয়ে যাব। সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্বর্ণশ্রী চ্যাটার্জী, ঐন্দ্রিলা সাধু খাঁ, দ্যুতি কোনার প্রমুখর। তারা বলেন, আমরা এই ধরনের একটি উদ্যোগের সাথী হতে পেরে খুবই আনন্দিত।


