রাইস মিল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বর্ধমানে শুরু ২৯ তম প্রযুক্তি মেলা

 

 

বর্ধমানের কঙ্কালেশ্বরী কালীবাড়ি মাঠে ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হয়েছে ২৯ তম প্রযুক্তি মেলা। ১৫ নভেম্বর এই মেলার সূচনা হয়। মেলা চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। প্রথম দিন এই মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, প্রাণীসম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, কাটোয়ার প্রবীণ বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, জেলাশাসক আয়েশা রাণী, ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালেক সহ বিশিষ্টজনেরা। এদিন ফিতে কেটে এই মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন রথীন ঘোষ। রথীন ঘোষ বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহারের মধ্যে দিয়ে রাইস মিলগুলির আধুনিকীকরণ সম্ভব এই ধরনের মেলার আয়োজনের মধ্যে দিয়ে। তাই এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, পূর্ব বর্ধমান জেলায় সবচেয়ে বেশি রাইস মিল রয়েছে। এই জেলা থেকে সর্বোচ্চ পরিমাণ ধান উৎপাদন হয়। মন্ত্রী জানান, এ বছরে রাজ্য সরকার ৭০ লক্ষ টন ধান কেনার লক্ষ্যমাত্রা ধার্য করেছে। চাষীদের কাছ থেকে বায়োমেট্রিক ছাপ নিয়ে তবেই ধান নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, শিল্পে এক জানালা পদ্ধতি রাজ্য সরকার গ্রহণ করেছে। এক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলাশাসকের কাছে তিনি এই পদ্ধতি এখানে দ্রুত কার্যকর করার কথা উল্লেখ করেন।