অন্নপূর্ণার টাকা না পেয়ে অবরোধ, কালনায় গৃহবধূ খুনের অভিযোগ! ‘নারী শক্তি সম্মান’ দেবে বিজেপি

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে বর্ধমান-আরামবাগ সড়ক অবরোধ করেন একদল মহিলা। কিছু সময় যান চলাচল ব্যাহত হয়, আটকে পড়েন উচ্চমাধ্যমিক তৃতীয় সেমেস্টারের পরীক্ষার্থীরাও। পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ ওঠে। বিডিও-সহ আধিকারিকরা অভিযোগ শোনেন এবং বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

অন্যদিকে, পূর্ব বর্ধমানের কালনায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে গৃহবধূ পাপিয়া মণ্ডলকে কুপিয়ে ও শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে তাঁর স্বামী বিপ্লব মণ্ডলের বিরুদ্ধে। বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় পাপিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমি-সম্পত্তি নিয়ে তাঁর ওপর অত্যাচার চলছিল। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক। পুলিশ তদন্ত শুরু করেছে।

এদিকে, দুর্গাপুজো ও কালীপুজো উপলক্ষে ‘নারী শক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য বিজেপি। জেলায় জেলায় নির্দেশিকা পাঠানো হয়েছে। পিছিয়ে পড়া মহিলা, ছোট ব্যবসায়ী, মেধাবী বা স্কলার ছাত্রী এবং আর্থিক বা সামাজিকভাবে প্রয়োজন রয়েছে—এমন মহিলাদের এই সম্মানের জন্য বিবেচনা করা হবে। স্থানীয় পুজো কমিটির মাধ্যমে আবেদন নেওয়ার পর বিজেপি নেতৃত্ব যোগ্যদের বেছে নেবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।