ঘরের ওপর উল্টে ১০ চাকার লরি! টোটো-বাইকের সংঘর্ষে আহত ৬, এক রাতে ৫ বাড়িতে চুরি

পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুসুমগ্রাম-মালডাঙ্গা রোডে টোটোর পিছনে বাইকের ধাক্কায় আহত ৬ জন। টোটো ও বাইকে থাকা তিনজন করে আহত হন। তাঁদের মধ্যে টোটোয় থাকা চার বছরের শিশু ও তার মায়ের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর বর্ধমান হাসপাতালে রেফার করা হয়েছে।

পূর্ব বর্ধমানের জামালপুরের চৌবেড়িয়া-পাঁচরা এলাকায় বৈধ বালির স্টক পয়েন্টে টাকা দাবিকে কেন্দ্র করে উত্তেজনা। ইজারাদারের অভিযোগ, বিজেপির এক মণ্ডল সাধারণ সম্পাদক-সহ কয়েকজন দেড় লক্ষ টাকা দাবি করেন। বচসার পর ক্ষুব্ধ গ্রামবাসীরা বিজেপি নেতা বসন্ত পাঁজা-সহ চারজনকে দড়ি দিয়ে বেঁধে রাখেন বলে অভিযোগ। পরে পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়। পাল্টা বিজেপির অভিযোগ, বৈধ-অবৈধ বালি পরিবহণের প্রতিবাদ করায় তাঁদের কর্মীদের মারধর করে বেঁধে রাখা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

বর্ধমানের উল্লাস উপনগরীতে একই রাতে প্রায় পাঁচটি বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ। শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রর বাড়ির পাশের রাস্তায় একাধিক বাড়িতে দুষ্কৃতীরা হানা দেয় বলে অভিযোগ। দু’টি বাড়ি থেকে প্রায় ৫০ হাজার টাকা নগদ ও সোনার গয়না চুরির অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এক রাতে পরপর চুরির ঘটনায় আবাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

পুরুলিয়ার হুড়া থানার চিন্টুডাঙায় ঘরের ওপর উল্টে গেল ১০ চাকার লরি। বুধবার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি বাড়িতে ধাক্কা মেরে ঘরের ভিতরেই লরিটি উল্টে যায়। সেই সময় ঘরে ঘুমিয়ে থাকা বাড়ির মালিক অল্পের জন্য প্রাণে বাঁচেন। ঘরের একাংশ ভেঙে গেলেও তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর চালক ও খালাসি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।

#WestBengalNews #BengaliNews #BanglaNews #BreakingNews #BurdwanNews #PuruliaNews #Manteswar #Jamalpur #BurdwanCrime #PuruliaAccident #RoadAccident #TheftNews #LocalNews #StraightcutNews