1
হেলমেট পরলে ‘হেলমেট হিরো’ ব্যাজ ও গোলাপ ফুল দিয়ে সম্মান, না পরলে চালান নয় প্রতিশ্রুতি কার্ড গলায় ঝুলিয়ে সচেতনতার বার্তা
সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে বর্ধমানের কার্জন গেটে ট্রাফিক পুলিশের অভিনব উদ্যোগ। ডিএসপি (ট্রাফিক) সুজিত ভট্টাচার্য ও ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জীর উপস্থিতিতে হেলমেট পরা বাইকচালকদের ‘হেলমেট হিরো’ ব্যাজ ও গোলাপ ফুল দিয়ে সম্মান জানানো হয়। আর যাঁরা হেলমেট ছাড়া ছিলেন, তাঁদের চালান না কেটে প্রতিশ্রুতি কার্ডে স্বাক্ষর করিয়ে গলায় ঝুলিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। ভবিষ্যতে নিয়ম মেনে হেলমেট ব্যবহারের আহ্বান জানায় ট্রাফিক পুলিশ।
2
গলসীতে গ্রেপ্তার প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি ও পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি, প্রিজন ভ্যান ঘিরে ‘চোর চোর’ স্লোগান
দুর্নীতির অভিযোগে পূর্ব বর্ধমানের গলসীতে গ্রেপ্তার হলেন প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি সুজন মণ্ডল ও প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হেমন্ত পাল। গলসী থানার পুলিশ তাঁদের বর্ধমান জেলা আদালতে পেশ করে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই থানার সামনে জড়ো হন বিজেপি কর্মী-সমর্থকরা। অভিযুক্তদের প্রিজন ভ্যানে তোলার সময় ‘চোর চোর’ স্লোগান তুলে বিক্ষোভ দেখান তাঁরা।
3
অন্নপূর্ণা যোজনার দাবিতে পুরুলিয়া পৌরসভায় সহস্রাধিক মহিলার বিক্ষোভ
অন্নপূর্ণা যোজনাসহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগে পুরুলিয়া পৌরসভায় বিক্ষোভ দেখালেন সহস্রাধিক মহিলা। ‘পুরুলিয়া জেলা তপসীলি জাতি বাউরি সমাজ কল্যাণ সমিতি’র ডাকে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন দয়াময় (টাইগার) বাউরি। দশেরবাঁধ মোড় থেকে মিছিল করে পৌরসভায় পৌঁছে বিক্ষোভকারীরা দাবি করেন, আবেদন করার পরও বহু যোগ্য প্রাপকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছায়নি।
4
“নাম পাল্টায়, কাম পাল্টায় না” অভিযোগ অধীরের
বাংলায় এক তোলাবাজের জায়গায় আর এক তোলাবাজ এসেছে, দুর্নীতি থেকে রাজ্য মুক্ত হয়নি বলে অভিযোগ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁর দাবি, তৃণমূলের দুর্নীতিগ্রস্তদের নিয়েই নতুন রাজনৈতিক দল গড়ে উঠছে, কিন্তু তদন্ত বা শাস্তি হচ্ছে না। তিনি বলেন, শুধু তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব হলে হবে না, বিজেপিকেও মানুষের জন্য কী কাজ করছে এবং সরকারি প্রকল্প কতটা বাস্তবায়ন করছে, তা দেখাতে হবে। পাশাপাশি তাঁর অভিযোগ, দুর্নীতিগ্রস্তরা বিজেপিতে যোগ দিলেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না, আর সাধারণ মানুষ সরকারের কাছে কাজই প্রত্যাশা করেন।
5
আজ ও আগামীকাল কলকাতাসহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি। কলকাতাতেও ১-২ জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে হলুদ সতর্কতা থাকবে।
শুক্রবার ও শনিবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে।
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা। মালদা ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে।


