1
শিশুদের নিরাপদ যাত্রার বার্তা ! বর্ধমানের কার্জন গেটে স্কুল বাস থেকে এয়ার হর্ন বাজেয়াপ্ত, সিট বেল্ট না পরায় জরিমানা নয়, চালকের সঙ্গে হাত মিলিয়ে সচেতনতা বার্তা
পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার বর্ধমানের কার্জন গেট এলাকায় ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জীর নেতৃত্বে স্কুল বাসগুলিকে নিয়ে বিশেষ সচেতনতামূলক অভিযান চালানো হয়। বাসের কাগজপত্র, ফিটনেস ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়।
অভিযান চলাকালীন একটি স্কুল বাস থেকে বেআইনি এয়ার হর্ন বাজেয়াপ্ত করা হয়। একই বাসের চালককে সিট বেল্ট ছাড়া গাড়ি চালাতে দেখা গেলেও জরিমানা না করে তাঁকে সচেতন করা হয়। ট্রাফিক ওসি চালকের সঙ্গে হাত মিলিয়ে ভবিষ্যতে সব নিয়ম মেনে চলার আহ্বান জানান।
বর্ধমান ট্রাফিক পুলিশের দাবি, শাস্তির আগে সচেতনতার মাধ্যমে শিশুদের নিরাপদ যাত্রা নিশ্চিত করাই এই অভিযানের মূল লক্ষ্য।
2
মাত্র ৮ বছর বয়সে ছোট্ট ক্ষুদের জাতীয় স্তরে সোনা ! অর্থের অভাবে থমকে পূর্ব বর্ধমানের শ্রেয়ানের বিশ্বকাপের স্বপ্ন
মাত্র ৮ বছর বয়সেই যোগাসনে জাতীয় স্তরে সোনার পদক জিতে নজর কেড়েছে পূর্ব বর্ধমানের কালনার যোগীপাড়ার শ্রেয়ান সাহা। ২০২৬ সালে জেলা, রাজ্য ও জাতীয় স্তরে স্বর্ণপদক, ট্রফি এবং একটি সাইকেলও পেয়েছে সে। কিন্তু আন্তর্জাতিক স্তরে গোয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড কাপে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেও অর্থাভাবে তার স্বপ্ন অনিশ্চিত। বাবার ফলের দোকানের সীমিত আয়ের কারণে প্রতিযোগিতায় অংশ নেওয়া কঠিন হয়ে পড়েছে। দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন নিয়ে এখন আর্থিক সহায়তার অপেক্ষায় ছোট্ট শ্রেয়ান ও তার পরিবার।
3
পানিহাটিতে তসলিমা নাসরিন, বেগম রোকেয়ার সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন
দীর্ঘ নির্বাসনের পর কলকাতা সফরে এসে পানিহাটি উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন সাহিত্যিক তসলিমা নাসরিন। পরে শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করে নারী শিক্ষা, স্বাধীনতা ও প্রগতির গুরুত্ব তুলে ধরেন।
তসলিমা বলেন, বেগম রোকেয়া নারী শিক্ষা, নারীর সমান অধিকার এবং মুসলিম মৌলবাদের বিরুদ্ধে আজীবন লড়াই করেছিলেন। তিনি জানান, ১৯৩২ সালে মৃত্যুর পর কলকাতায় তাঁকে কবর দেওয়ার অনুমতি না মেলায় পানিহাটিতেই তাঁর সমাধি হয়। সেই কারণেই তাঁকে শ্রদ্ধা জানাতে এসেছেন।
এছাড়া তসলিমা নাসরিন অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে মত প্রকাশ করে বলেন, নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে পৃথিবীর প্রতিটি সভ্য দেশে একই আইন থাকা উচিত। তাঁর দাবি, এই আইন কার্যকর হলে নারীরা সমান অধিকার পাবেন।
4
ফুটপাত দখল করে বেআইনি পার্কিং ! প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তায় হাঁটছেন পথচারীরা, শহরজুড়ে একই ছবি
ফুটপাত দখল করে বেআইনি পার্কিং শহরের অন্যতম বড় নাগরিক সমস্যায় পরিণত হয়েছে। এর ফলে পথচারীদের ফুটপাত ছেড়ে রাস্তায় হাঁটতে বাধ্য হতে হচ্ছে, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। মোটর যান আইন অনুযায়ী ফুটপাতে গাড়ি বা বাইক পার্ক করা দণ্ডনীয় অপরাধ হলেও শহরের একাধিক এলাকায় প্রকাশ্যেই চলছে এই বেআইনি পার্কিং।
দক্ষিণ থেকে উত্তর কলকাতা— সর্বত্রই একই চিত্র। এদিকে, পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্র পাল শহরে ডিজিটাল পার্কিং ব্যবস্থা চালু এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে নিজস্ব পার্কিংয়ের ব্যবস্থা করার কথা জানিয়েছেন।
তবে বাস্তবে বহু জায়গায় সেই নির্দেশ মানা হচ্ছে না। ফলে পথচারীদের নিরাপত্তা ও স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থা বজায় রাখতে কঠোর পদক্ষেপের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।
5
ঝালদা তপন কান্দু হত্যা মামলার অন্যতম অভিযুক্ত কলেবর সিং-এর মৃত্যু
ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যা মামলার অন্যতম অভিযুক্ত কলেবর সিং-এর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঝাড়খণ্ডের বোকারোর বাসিন্দা কলেবর সিং দীর্ঘদিন ধরে অসুস্থ ও সুগারে আক্রান্ত ছিলেন। প্রায় ১০ মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
২০২২ সালের ১৩ মার্চ তপন কান্দু খুনের পর রাজ্যের এসআইটি (SIT) তাঁকে গ্রেপ্তার করে। পরে হাইকোর্টের নির্দেশে সিবিআই (CBI) তদন্তভার নিয়ে চার্জশিটে পাঁচজন অভিযুক্তের নাম উল্লেখ করে।
এই মামলায় বিচারপ্রক্রিয়া চলাকালীন ইতিমধ্যেই দুই অভিযুক্তের মৃত্যু হয়েছে। এর আগে ২০২৩ সালের নভেম্বরে মারা যান সত্যবান প্রামাণিক।


