ব্রিজ নেই, তাই প্রাণের ঝুঁকি ! খড়ি নদীতে নৌকাডুবি, অল্পের জন্য রক্ষা পেল স্কুলছাত্ররা
স্কুল পড়ুয়াদের নিয়ে নৌকাডুবি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন কয়েকজন স্কুল পড়ুয়া এবং স্থানীয় কয়েকজন মানুষ। ঘটনাটি ঘটেছে শুক্রবার পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার অন্তর্গত দাদপুর এলাকায়। জানা গেছে, দাদপুর এবং কুতিরডাঙ্গার মাঝখান দিয়ে বয়ে চলেছে খড়ি নদী। বর্ষায় সেই খড়ি নদীর অবস্থা ভয়ানক। যেমন বেড়েছে জল, তেমনই অনবরত যাচ্ছে নদীর জলের উপর দিয়ে পানা। আর সেই পানা নৌকতে বেঁধেই বিপত্তি। নৌকা পারে পৌঁছনোর কয়েক সেকেন্ড আগেই পানায় লেগে আচমকা উল্টে যায় নৌকা। পাড়ের কাছাকাছি থাকায় লাফ মেরে নৌকা থেকে পারে নেমে পড়েন যাত্রী এবং ছাত্ররা। নৌকাটি ডুবে গেলেও কোনো বড় বিপদ ঘটেনি। স্থানীয় বাসিন্দাদের দাবি অবিলম্বে প্রশাসন এই এলাকার মানুষের পারাপারের জন্য একটি ব্রিজের ব্যবস্থা করুক। তাহলে এমন সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।


