উচ্ছেদ নয়, ‘মেকওভার’ কলেজ স্ট্রিটের ! বইপাড়ায় সরেজমিনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, থাকছে নো-ভেহিকেল জোনের পরিকল্পনা
উচ্ছেদ নয়, বরং ঐতিহ্য বজায় রেখেই নতুন রূপে সাজানো হবে কলেজ স্ট্রিট। বইপাড়াকে আরও আকর্ষণীয় ও পর্যটক-বান্ধব করে তুলতে রাজ্য সরকারের পরিকল্পনা খতিয়ে দেখতে বুধবার সকালে কলেজ স্ট্রিট পরিদর্শনে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুরনিগমের পুর কমিশনার স্মিতা পাণ্ডে এবং পুরসভার আধিকারিকরা।
এদিন গোটা এলাকা ঘুরে দেখে বই বিক্রেতা, পথচারী এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন মন্ত্রী। কোথায় কীভাবে উন্নয়ন করা হবে, তা নিয়ে রাস্তাতেই আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন তিনি।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, কলেজ স্ট্রিটের একটি অংশকে নো-ভেহিকেল জোন হিসেবে গড়ে তোলা হবে। সেখানে কোনও মোটরগাড়ি চলবে না, হর্ন বাজবে না। বইপ্রেমীদের জন্য থাকবে সাইকেল চলাচলের ব্যবস্থা এবং প্রবীণদের জন্য রাখা হবে ব্যাটারি চালিত কার। পাশাপাশি ক্যাফে, বসে বই পড়ার জায়গা এবং শান্ত পরিবেশ তৈরির পরিকল্পনাও রয়েছে। তবে আপাতত মূল কলেজ স্ট্রিটের রাস্তায় কোনও পরিবর্তন আনা হবে না বলে জানিয়েছেন মন্ত্রী।


