‘আমার নাম কেটেছেন কেন?’ আখরুজ্জামানকে প্রশ্নে বিধানসভায় তুমুল বিক্ষোভ, টেনে-হিঁচড়ে বের করা হলো কুণাল ঘোষকে

‘আমার নাম কেটেছেন কেন?’ আখরুজ্জামানকে প্রশ্নে বিধানসভায় তুমুল বিক্ষোভ, টেনে-হিঁচড়ে বের করা হলো কুণাল ঘোষকে

বিধানসভার অধিবেশনে বুধবার নজিরবিহীন উত্তেজনার সৃষ্টি হলো বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে কেন্দ্র করে। স্বরাষ্ট্র দপ্তরের বাজেট বিতর্কে বক্তাদের তালিকা থেকে তাঁর নাম বাদ পড়েছে বলে অভিযোগ তুলে অধিবেশন চলাকালীনই সরব হন তিনি। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় শেষ পর্যন্ত মার্শাল ডেকে তাঁকে অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়া হয়। পরে স্পিকার রথীন্দ্র বসু কুণাল ঘোষকে দিনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করেন।
জানা গেছে, স্বরাষ্ট্র দপ্তরের বাজেট বিতর্কে বক্তা হিসেবে কুণাল ঘোষের নাম শাসকদলের পক্ষ থেকে পাঠানো হলেও চূড়ান্ত তালিকায় তাঁর নাম ছিল না। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাঁর কণ্ঠরোধ করা হচ্ছে।
বিরতির পর অধিবেশন শুরু হলে বিরোধী শিবিরের মুখ্য সচেতক আখরুজ্জামান বক্তব্য রাখতে উঠতেই নিজের আসন ছেড়ে তাঁর মাইকের সামনে গিয়ে দাঁড়ান কুণাল ঘোষ। সবার সামনেই প্রশ্ন তোলেন, “আপনি আমার নাম কেটেছেন কেন?” তাঁর বক্তব্য মাইকের মাধ্যমেও শোনা যায়।
এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্পিকার কুণাল ঘোষকে আসনে ফিরে যাওয়ার নির্দেশ দিলেও তিনি অনড় থাকেন। বিজেপি বিধায়ক ও বিরোধী সদস্যরা তাঁর আচরণের প্রতিবাদ জানাতে শুরু করেন। শাসক ও বিরোধী— দুই পক্ষ থেকেই তাঁকে থামানোর চেষ্টা করা হলেও বচসা আরও বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্পিকারের নির্দেশে বিধানসভার মার্শালরা এগিয়ে আসেন। ধস্তাধস্তির মধ্যেই কুণাল ঘোষকে টেনে-হিঁচড়ে অধিবেশন কক্ষের বাইরে নিয়ে যাওয়া হয়।