সাপের ছোবলে প্রাণ গেল ৮ বছরের দ্বিতীয় শ্রেণীর স্কুল পড়ুয়ার
দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের জামনা গ্রাম পঞ্চায়েতের কানপুর এলাকায়। মৃত ছাত্রের নাম তামিম শেখ, বয়স ৮ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে তামিম হঠাৎই বুকে, পিঠে, পেটে ও হাতে তীব্র ব্যথার কথা জানায়। প্রথমে বিষয়টির গুরুত্ব বুঝতে না পারলেও পরিবারের সদস্যরা দ্রুত তাকে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
বর্ধমানে নিয়ে যাওয়ার পথে তামিমের শারীরিক অবস্থার আরও অবনতি হলে পরিবারের সদস্যরা ফের তাকে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরবর্তীতে তামিমের ডান হাতে দুটি সাপের ছোবলের দাগ দেখতে পান পরিবারের সদস্যরা। এরপরই তাদের অনুমান, বিষধর সাপের ছোবলেই বিষক্রিয়ার ফলে শিশুটির মৃত্যু হয়েছে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই স্পষ্ট হবে।


