গোয়ায় কাজে গিয়ে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের মৃত্যু, শোকের ছায়া দড়দা গ্রামে
ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পুরুলিয়ার বলরামপুর থানার দড়দা গ্রামের বাসিন্দা বিদ্যাধর সিং সর্দার (২৩)-এর আকস্মিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার তাঁর কফিনবন্দি দেহ গ্রামে পৌঁছোতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দু’বছর ধরে গোয়ার একটি স্ন্যাক্স সেন্টারে কাজ করতেন বিদ্যাধর। মাত্র কয়েকদিন আগেই ছুটি কাটিয়ে আবার কাজে ফিরেছিলেন। ১২ জুলাই রাতে কাজ শেষে ঘুমোতে যান তিনি। পরদিন সকালে সহকর্মীরা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের পর সহকর্মীদের উদ্যোগে তাঁর দেহ রাঁচি হয়ে গ্রামে আনা হয়। মৃত যুবকের পরিবার অত্যন্ত দরিদ্র এবং পরিযায়ী শ্রমের ওপর নির্ভরশীল। তাঁর বাবাও বর্তমানে চেন্নাইয়ে কর্মরত। স্থানীয় বাসিন্দারা পরিবারের জন্য সরকারি আর্থিক সহায়তা ও এলাকায় কর্মসংস্থানের দাবিতে সরব হয়েছেন।


