মুখ্যমন্ত্রীর জনতার দরবারে সৃঞ্জয় দের মৃত্যুর বিচার প্রার্থনা পরিবারের

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে সৃঞ্জয় দের মৃত্যুর বিচার প্রার্থনা পরিবারের

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে সৃঞ্জয় দে-র মৃত্যুর বিচার চেয়ে হাজির পরিবার। সুজিত বসুর বিরুদ্ধে ধামাচাপার অভিযোগও ওঠে। ২০২৪ সালে রহরার বাসিন্দা যুবক সৃঞ্জয় দে-র অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনতার দরবারে হাজির হলেন তাঁর বাবা-মা। পরিবারের দাবি, এতদিন কেটে গেলেও তাঁদের ছেলের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন হয়নি।
পুলিশের রিপোর্টে সৃঞ্জয়ের মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও, সেই দাবি মানতে নারাজ পরিবার। তাঁদের অভিযোগ, সৃঞ্জয়কে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
পরিবারের আরও দাবি, সৃঞ্জয় বিজেপির হয়ে বিভিন্ন রাজনৈতিক বিতর্কে অংশ নিতেন। সেই কারণেই তৃণমূলের দুষ্কৃতীদের হাতে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাঁদের। এই ঘটনায় রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং বিধাননগর কলেজের তৎকালীন জিএসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে পরিবার।
শুধু তাই নয়, তদন্তে পুলিশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন নিহতের বাবা-মা। তাঁদের অভিযোগ, প্রভাবশালীদের বাঁচাতে গোটা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। বিশেষ করে সুজিত বসুর বিরুদ্ধে ঘটনাটি চাপা দেওয়ার অভিযোগও তুলেছেন তাঁরা।
মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের একটাই আবেদন— এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক, এমনটাই দাবি তাঁদের।