জেলা সংবাদ | শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উদযাপন, বর্ধমান-বাঁকুড়ার বড় খবর


1
বাঁকুড়া জেলাজুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিন পালন

ভারতকেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫ তম জন্মদিবস নানান উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় বাঁকুড়া জেলায়। এই উপলক্ষ্যে ৬ জুলাই সকালে বিজেপির উদ‍্যোগে জেলা সদর শহরের চকবাজারে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর আবক্ষ মূর্তির উন্মোচন হয়। জেলা প্রশাসন ও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মূল অনুষ্ঠান হয় বিকেল তিনটেয়। অনুষ্ঠানে হাজির ছিলেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা সহ জেলাশাসক অনীশ দাশগুপ্ত, পুলিশ সুপার, মহকুমা শাসক ও জেলা প্রশাসনের আধিকারিকবৃন্দ।

2
দামাল হাতির দেখা মেলায় চাঞ্চল্য বাঁকুড়ায়

সোমবার সকালে দামাল হাতির দেখা মেলায় চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়ার গঙ্গাজলঘাটির জঙ্গলে। গত কয়েকদিন ধরে বড়জোড়া বনাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দাপিয়ে চলেছে বেশ কয়েকটি হাতি। জঙ্গল সীমানা পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ায় আতঙ্ক বাড়ছে জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দাদের। হাতি দুটির উপর নজর রাখছে বনদপ্তর। এলাকার বাসিন্দারাও সজাগ রয়েছেন।

3
বর্ধমানে বিজেপির রক্তদান শিবির

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মতিথি উপলক্ষ্যে আয়োজিত বিজেপির একটি রক্তদান শিবিরকে ঘিরে সোমবার বর্ধমানে তৈরি হয় ভিন্ন ধরনের পরিস্থিতি। সমাজসেবামূলক এই কর্মসূচীর বাইরে পুলিশ পিকেট মোতায়েন থাকায় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানান আলোচনা। বর্ধমান উত্তর বিধানসভা এলাকায় বিজেপি নেতা তথা মণ্ডল সভাপতি সঞ্জয় দাসের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিজেপির দাবি, কর্মসূচীর আগে বর্ধমান থানার আইসি ফোন করে সম্ভাব্য অশান্তির আশঙ্কার কথা জানিয়ে অনুষ্ঠান বন্ধ রাখার অনুরোধ করেন। যদিও সেই দাবি সম্পর্কে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিজেপি নেতৃত্বের দাবি, বিভিন্ন মহলের সহযোগিতায় শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বাইরে ছিল পুলিশের কড়া নজরদারি ও পিকেট।

4

ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ধমানের বাজেপ্রতাপপুর ৪ নম্বর ওয়ার্ডে তাঁর একটি পূর্ণাঙ্গ মূর্তি উন্মোচন করা হয়। সেবা উৎসব কমিটি ও সনাতনী বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের শিল্প প্রতিমন্ত্রী তথা বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্র মূর্তির উন্মোচন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাতনী বেঙ্গল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শুভজিৎ ব্যানার্জী, সমাজসেবক ও আইনজীবী আশীষ কুমার দাস, রামকৃষ্ণ মিশন, ইসকন এবং বর্ধমান গুরুদ্বারের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের উদ্যোক্তা ও আইনজীবী অনিশ দাস বলেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চিন্তাভাবনা ও পশ্চিমবঙ্গের ইতিহাসে তাঁর অবদান নতুন পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া উচিত। প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি সত্ত্বেও অনুষ্ঠানে স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ লক্ষ্য করা যায়।