বর্ধমান জেলা সংবাদ | শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা, রক্তদান শিবিরে রাহুল সিনহা, চালকল প্রতারণা, বিধান রায়কে স্মরণ

1
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মদিবসে শ্রদ্ধাজ্ঞাপন

রাষ্ট্রীয় লেখক সংঘ পূর্ব বর্ধমান জেলা শাখার উদ্যোগে ৬ জুলাই বর্ধমান টাউন হল ময়দানে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মদিবস আন্তরিক শ্রদ্ধার সঙ্গে পালিত হলো। ভারত কেশরীর ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রামকৃষ্ণ মিশনের স্বামী দেবাত্মানন্দজি মহারাজ। শিল্পী সপ্তকী চট্টোপাধ্যায়ের কন্ঠে বন্দেমাতরম সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সুর বেঁধে দেওয়া হয় । উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রবীর চট্টোপাধ্যায়, জেলা প্রমুখ সর্বজিৎ যশ, জেলা সহ প্রমুখ শান্তনু পাঁজা, জেলা ব্যবস্থা প্রমুখ অনির্বাণ বিশ্বাস সহ যুগল মুখোপাধ্যায়, লক্ষ্মীনারায়ণ পাল, রাজীব শীল, দিলীপ চৌধুরী শ্রীকান্ত বসু, সুজিত চট্টোপাধ্যায়, তাপস কুমার পাল, সুমন্ত রায়, বিশ্বনাথ পাল, বিশ্বরূপ চক্রবর্তী, বাসুদেব দাস, ধনঞ্জয় চ্যাটার্জী, অর্ধেন্দু সরকার, সুকান্ত দাস, বিউটি সান্যাল, কানাইলাল বিশ্বাস প্রমুখ। বক্তব্য রাখেন স্বামী দেবাত্মানন্দজি মহারাজ, অধ্যাপক ড. শ্রীকান্ত বসু, অধ্যাপক সুজিত চট্টোপাধ্যায়, বিশ্বনাথ পাল প্রমুখ। ভারত কেশরীর জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয় এবং মিষ্টি বিতরণ করা হয়। সংগীত শিল্পী বিশ্বরূপ চক্রবর্তীর নেতৃত্বে ‘জনগণমন-অধিনায়ক’ সমবেত সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এদিন।
2
বর্ধমান ডিজেবল্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মহতী রক্তদান শিবিরে রাহুল সিনহা

প্রতিবন্ধী ভাই-বোন এবং মায়েদের পাশে দাঁড়াতে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হলো। ৫ জুলাই বর্ধমানের কার্জন গেটে উমা ভবনে বর্ধমান ডিজেবল্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে অর্থাৎ বিগত প্রায় ৪০ বছর ধরে এই সোসাইটি সাধারণ মানুষের স্বার্থে এবং বিশেষ করে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের কল্যাণে বিভিন্ন ধরণের সামাজিক কাজ করে আসছে। সংস্থার পক্ষ থেকে অঞ্জন মুখার্জী জানান, পূর্বে এই ধরণের কর্মসূচী জেলাস্তরে অনুষ্ঠিত হলেও, বর্তমানে তা প্রতিটি ব্লকে ছড়িয়ে দেওয়া হয়েছে। মূলত প্রতিবন্ধী মানুষদের প্রয়োজনের কথা মাথায় রেখেই এই রক্তদান শিবিরের উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে নির্দিষ্ট সময়ে তাদের রক্তের চাহিদা পূরণ করা সম্ভব হয়। উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়, এদিন বহু মানুষ উৎসাহের সঙ্গে রক্তদান করেছেন। এই রক্তদান শিবিরে পুরুষ মহিলা উভয়ই স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সংগৃহীত রক্তের ৫০ শতাংশ বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং বাকি ৫০ শতাংশ সুশ্ৰুত সংস্থাকে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে। এই রক্তদান শিবিরের সূচনা পর্বে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট গুণীজন। স্বামী ভাস্করানন্দ মহারাজ প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান রাজ্যসভার সংসদ রাহুল সিনহা, জেলাশাসক শ্বেতা আগরওয়াল, মহকুমা শাসক, বিধায়ক দেবাশিস ধর সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।
উদ্যোক্তারা এই রক্তদান শিবিরকে সফল করে তোলার জন্য রক্তদাতা এবং উপস্থিত সকল বিশিষ্ট অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান।

3
চালকলের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ, রায়নায় লরি আটক, তদন্তে নেমেছে পুলিশ

জেলার রায়না থানার গোপালপুর এলাকার মা ভবানী রাইস মিল চালকলে প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চালকলের মালিকের অজান্তেই তার মিলের নাম ব্যবহার করে চাল সরবরাহে অনিয়ম ও প্রতারণার চেষ্টা চলছিল।
চালকল কর্তৃপক্ষের দাবি, গত ৩ জুলাই ২০২৬ সন্ধ্যা প্রায় সাড়ে ৭টা নাগাদ বর্ধমানের একটি গদির মাধ্যমে একটি লরি তাদের মিলে আসে। ওই লরিতে মিলের জন্য ৮ টন চাল সরবরাহ করার কথা ছিল। কিন্তু গাড়িটি পরীক্ষা করে দেখা যায়, তাতে আগে থেকেই প্রায় ১০ টন চাল বোঝাই রয়েছে।
এই সময় চালকলের মালিকের নজরে আসে, গাড়িতে তার ব্র্যান্ডের ‘কিশোরভোগ’ নামে বস্তাবন্দি চাল লোড করা রয়েছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি গাড়ির চালক ও খালাসিকে ওই চাল কোথা থেকে লোড করা হয়েছে জানতে চান। অভিযোগ, তারা সন্তোষজনক উত্তর দিতে পারেননি এবং বিভ্রান্তিকর তথ্য দেন।
এরপর ৪ জুলাই বিকেলে চালকল কর্তৃপক্ষ রায়না থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ লরিটির নম্বর ধরে তদন্ত শুরু করে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গাড়িটিকে থানায় নিয়ে যায় এবং চালক ও খালাসিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।
চালকল কর্তৃপক্ষের অভিযোগ, তাঁদের ব্র্যান্ডের নকল বস্তায় কোথা থেকে চাল ভরা হয়েছে এবং এর প্রকৃত উৎস কী, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে চালের উৎস, বস্তার সত্যতা এবং সম্ভাব্য প্রতারণা চক্রের সঙ্গে কারা জড়িত, তা খোঁজার কাজ চলছে বলে জানা গেছে।

4
ডাঃ বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধাজ্ঞাপন

বর্ধমান সাহিত্য পরিষদ ভবনে বর্ধমান সাহিত্য পরিষদ আয়োজিত বাংলার রূপকার ডাঃ বিধান চন্দ্র রায়ের ১৪৪ তম জন্মদিবস ও ৬৫ তম মৃর্তুদিবস পালন করা হয়। প্রথমে স্বাগত ভাষণ দিতে গিয়ে সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী ডাঃ বিধান চন্দ্র রায়ের কর্মজীবনের নানা দিক তুলে ধরে মনোগ্রাহী বক্তব্য রাখেন। সভাপতি ছিলেন সাহিত্য গবেষক বিদ্যাভূষণ ভট্টাচাৰ্য। আলোচনাতে অংশগ্রহণ করেন সাহিত্যিক নিখিল চক্রবর্তী, নিতাই মুখার্জী, প্রধান শিক্ষক মানব সরকার, সাহিত্য প্রেমী দেবনাথ মুখার্জী, সঞ্জয় মন্ডল, স্বরূপ মুখার্জী, ফজরুল হক, মেহেবুব হাসান। সঞ্চালনায় ছিলেন সায়ন্তি হাজরা, দেবনাথ মুখার্জী। সংগীতে অংশগ্রহণ করেন স্থানীয় বিশিষ্ট শিল্পীরা। কবিতা কোলাজে অংশ নেন বিশিষ্ট বাচিক শিল্পী শিবাশিস সাহা ও কাকলি মজুমদার। সাংবাদিক পঞ্চানন মুখার্জী ডাঃ বিধানচন্দ্র রায়ের জীবনী নিয়ে সুন্দর বক্তব্য রাখেন। কবিতা পাঠে অংশ নেন স্থানীয় কবিরা। এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানটি সংগীতে কবিতায় প্রাণবন্ত হয়ে ওঠে।