প্রথম সেমিস্টারে ফেল, ষষ্ঠ সেমিস্টারের দাবিতে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর কলেজে পড়ুয়াদের বিক্ষোভে স্তব্ধ কলেজ
পরীক্ষায় প্রথম সেমিস্টারে উত্তীর্ণ হতে না পারা পড়ুয়ারা ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষায় বসার দাবিতে বুধবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখান। যার জেরে দু ঘন্টা ধরে কলেজেই ঢুকতে পারলেন না অধ্যক্ষ সহ অধ্যাপক ও অন্য পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে প্রত্যেক সেমিস্টারে পরপর তিন বছরের মধ্যে পাশ করতেই হবে। যেকোনো সেমিস্টারে ফেল করলে, পরপর তিন বছরের মধ্যে পাশ করতে না পারলে সমস্ত সেমিস্টার বাতিল বলে গণ্য হবে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই নিয়ম নোটিশ দিয়ে পড়ুয়াদের জানানো হয়নি বলে অভিযোগ তাদের। যদিও কলেজ অধ্যক্ষ বসন্ত খামরুই তা অস্বীকার করেছেন। তিনি জানান, নোটিশ দিয়ে অনেক আগেই পড়ুয়াদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। তারা যদি না দেখেন সেই দায় আমার নয়। খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুপুর ১২ টার পরে অধ্যক্ষ সহ শিক্ষক-অশিক্ষক ও পড়ুয়ারা কলেজে প্রবেশ করলে পরিস্থিতি স্বাভাবিক হয় এদিন।



