কালনায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু যুবকের, আহত আরও এক
জেলার কালনা থানার অন্তর্গত উপলতি পানপাড়া এলাকায় বাস ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক বাইক আরোহী। সোমবার দুপুরের এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম দেবাশিস ক্ষেত্রপাল। তার বাড়ি মেমারি থানার বহরমপুর বাগিলা এলাকায়। সোমবার দুপুরে তিনি তার বন্ধু সুরজিৎ ক্ষেত্রপালকে সঙ্গে নিয়ে মোটরবাইকে করে কালনায় একটি গাড়ির কাজ করাতে এসেছিলেন। কাজ সেরে বাড়ি ফেরার পথে উপলতি পানপাড়া এলাকায় একটি বাসের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় বাইকের পিছনে বসে থাকা দেবাশিস ক্ষেত্রপাল গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত কালনা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে, বাইক চালক সুরজিৎ ক্ষেত্রপালও আহত হন। বর্তমানে তার চিকিৎসা চলছে কালনা মহকুমা হাসপাতালে। খবর পেয়ে কালনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করেছে পুলিশ।



