সেহারাবাজারে পথ দুর্ঘটনা, গুরুতর আহত ৪ মহিলা


সেহারাবাজারে পথ দুর্ঘটনা, গুরুতর আহত ৪ মহিলা

পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সেহারাবাজারে ভয়াবহ পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার বর্ধমান-আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কে একটি টোটোর পিছনে সজোরে ধাক্কা মারে একটি ছোট হাতি গাড়ি। এই ঘটনায় গুরুতর আহত হন চারজন মহিলা। চোট পান টোটো চালক।
জানা গেছে, শুক্রবার দুপুর নাগাদ একটি টোটো কয়েকজন যাত্রীকে নিয়ে সেহারাবাজার থেকে মোগলমারির দিকে যাচ্ছিল। সেই সময় সেহারা গ্রাম পঞ্চায়েত এলাকার শ্রীকৃষ্ণ ঢালে এক মহিলা টোটোতে ওঠার জন্য হাত দেখালে টোটোটি হঠাৎ থেমে যায়। ঠিক সেই সময় পিছন দিক থেকে আসা একটি ছোট হাতি গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে টোটোটিতে।
ধাক্কার জেরে টোটোটি ছিটকে রাস্তার অপরপ্রান্তে চলে যায় এবং সেহারাবাজারের দিকে যাওয়া একটি ডাম্পারের সামনে পড়ে। তবে ডাম্পার চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। দ্রুত ব্রেক কষে তিনি গাড়ি থামিয়ে দেন।দুর্ঘটনায় গুরুতর আহত হন কবিতা দাস, লক্ষ্মী মুর্মু, মণি মুর্মু ও লক্ষ্মী ঘোষ। আহতদের মধ্যে কয়েকজনের বয়স আনুমানিক ৪৫-৫০ বছর। কয়েকজনের বয়স ৫৫ থেকে ৬৫ বছরের মধ্যে বলে জানা গেছে। আহত টোটো চালককেও উদ্ধার করা হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় সেহারাবাজার ফাঁড়ির পুলিশ। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চার মহিলাকেই বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।