জেলার রায়নার গোতান বাজারে তৃণমূল কার্যালয় দখল নিল বিজেপি
জেলার রায়না বিধানসভার গোতান বাজার এলাকায় রাজনৈতিক উত্তেজনার আবহে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ের দখল নেওয়ার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই দীর্ঘদিন ধরে কার্যালয়টিতে তালা ঝুলছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এলাকার বিজেপি কর্মীদের দাবি, বন্ধ থাকা ওই কার্যালয়ের ভিতরে অস্ত্র বা বেআইনি কিছু মজুত থাকতে পারে বলে তাদের মধ্যে আশঙ্কা তৈরী হয়েছিল।
তবে বুধবার কার্যালয় খুলে তল্লাশি চালানোর পর আশঙ্কার মতো কোনও অস্ত্র বা সন্দেহজনক সামগ্রী মেলেনি বলেই জানা গেছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে মাধবডিহি থানার পুলিশ পৌঁছোয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এলাকার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন এবং সেই কারণেই কর্মীরা দলীয় কার্যক্রম পরিচালনার জন্য কার্যালয়টি নিজেদের দখলে নিয়েছেন। অন্যদিকে, বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।


