অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উপস্থিতিতে বিজেপির হ্যান্ডলুম ও উইভার সেলের ব্যবস্থাপনায় তাঁতশিল্পী সম্মেলন কালনায়


অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উপস্থিতিতে বিজেপির হ্যান্ডলুম ও উইভার সেলের ব্যবস্থাপনায় তাঁতশিল্পী সম্মেলন কালনায়

ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ হ্যান্ডলুম ও উইভার সেলের ব্যবস্থাপনায় কালনার শ্রীরামপুর আশ্রমপাড়া এলাকায় তাঁতশিল্পী সম্মেলন অনুষ্ঠিত হলো ১ লা বৈশাখ। আর সেই সম্মেলনেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কালনা বিধানসভার বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদারের সমর্থনে তিনি তাঁতশিল্পীদের নিয়ে সম্মেলন করেন। পরবর্তী সময়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাংলা থেকে সিন্ডিকেট রাজ না গেলে কোনোদিনও বাংলায় ইনভেস্টমেন্ট আসবে না। পাশাপাশি তার আরও মন্তব্য, বিজেপি এলে পশ্চিমবঙ্গে আর্থিক স্থিতি আসবে। কেন্দ্রের টাকা আটকে দিচ্ছে মমতা সরকার, পশ্চিমবঙ্গে চা শ্রমিকদের বঞ্চনা নিয়েও সরব হন নির্মলা সীতারামন। তিনি বলেন, চা বাগানে গরিবদের হালাত ঠিক করার জন্য ৩-৪ বছর ধরে মোদীজি পয়সা অ্যালট করছেন। আসাম সরকার সেই পয়সা নিয়ে এসে, তাদের জন্য স্কুল, ঘর, হসপিটাল এবং চা শ্রমিকদের অ্যাকাউন্টে পয়সা এইসব কিছুই পাঠানোর ব্যবস্থা করছে। কিন্তু টিএমসি চায় না চা বাগানের শ্রমিকদের উন্নতি। পাশাপাশি তার আরও মন্তব্য, পরিবর্তন বাংলায় দরকার। বিজেপি এলে রোজগার মিলবে, গরিবদের দেখভাল হবে, সিন্ডিকেট রাজ বন্ধ হবে। ল অর্ডারের পরিবর্তন হবে। তার আরও সংযোজন কমিউনিস্টরা যেরকম দিয়ে গেছে, তেমনই টিএমসি কাজ করছে।
পরবর্তী সময়ে স্থানীয় এলাকার তাঁতশিল্পীদের বাড়িতে গিয়ে হস্তচালিত তাঁত কিভাবে বোনা হয় তা হাতেনাতে দেখেন তিনি। এরপর এক বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজন সেরে তিনি দিল্লীর উদ্দেশ্যে যাত্রা করেন। নির্মলা সীতারামনের উপস্থিতিকে কেন্দ্র করে এদিনের এই সম্মেলনে বহু তাঁতশিল্পী উপস্থিত হন।