অভিনব দৃশ্য – তৃণমূল কার্যালয়ে পৌঁছে বিজেপি প্রার্থীর ভোট প্রচার


অভিনব দৃশ্য – তৃণমূল কার্যালয়ে পৌঁছে বিজেপি প্রার্থীর ভোট প্রচার

নির্বাচন আসলে যখন বিভিন্ন রাজনৈতিক দল পরস্পরের বিরুদ্ধে নানান কটুক্তি করে, বিভিন্ন জায়গায় ভোট প্রচারকে কেন্দ্র করে যখন অশান্তি, ঝগড়া, এমনকি মারামারির মতো ঘটনার খবরও সংবাদমাধ্যমে ভেসে উঠছে, ঠিক তখনই একটি অভিনব দৃশ্যের সাক্ষী রইলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের জামার এলাকার ভোটাররা। বৃহস্পতিবার এখানে তৃণমূল কার্যালয়ে এসে ভোট ভিক্ষা চাইলেন বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। এদিন তিনি তৃণমূলের কার্যালয়ে পৌঁছে সেখানে বসে থাকা দলের নেতৃত্ব ও কর্মীদের কাছে করজোড়ে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীদের পক্ষ থেকে তাকে এই ভোট প্রচারে কোনো বাধা দেওয়া হয়নি। উল্টে তারা বলেন, কোনো ভয় নেই, আপনি প্রচার চালিয়ে যান। দলীয় কার্যালয়ে থাকা মহিলাদের কাছে ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা, লক্ষীর ভান্ডার চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন বিজেপি প্রার্থী। একইসঙ্গে উপস্থিত মহিলাদের তাকে ভোট দেওয়ার জন্য আবেদনও করেন। এ প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, এই ঘটনা থেকেই প্রমাণিত হয় তৃণমূল কংগ্রেস সৌজন্যতার রাজনীতিতে বিশ্বাসী। এতদিন বিজেপি প্রার্থী অভিযোগ করছিলেন, তাকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে। কিন্তু তিনি যে মিথ্যে কথা বলেছেন সেটা তিনি নিজেই প্রমাণ করে দিলেন। তার কথা থেকেই বোঝা গেল এখানে প্রচারে তাকে কোথাও কোনো বাধা দেওয়া হয়নি। তিনি নির্বিঘ্নেই প্রচার করতে পারছেন।