1
সড্যা উচ্চ বিদ্যালয়ে ৮৪ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
পূর্ব বর্ধমান জেলার সড্যা উচ্চ বিদ্যালয়ের ৮৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে সারাদিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে ছিল বার্ষিক শিক্ষা বিষয়ক পুরস্কার বিতরণী, ছাত্রছাত্রীদের পরিবেশিত শাস্ত্রীয় নৃত্য এবং তাদের উদ্যোগে আয়োজিত একটি বিজ্ঞান প্রদর্শনী। দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে একটি গীতিনাট্যধর্মী সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়। এদিনের অন্যতম আকর্ষণ ছিল বিদ্যালয়ের চারটি হাউস এবং তাদের হাউস মাস্টার–মিস্ট্রেসদের সম্পূর্ণ ব্যবস্থাপনায় আয়োজিত খাদ্য উৎসব। দিনভর অনুষ্ঠান উপভোগ করতে উপস্থিত ছিলেন অভিভাবকবৃন্দ, বিশিষ্ট অতিথি এবং এলাকার বহু গুণীজন। সমগ্র আয়োজনটি শেষ হয় ‘থিয়েটার আলফা’ দলের পরিবেশিত “ফিটিং মাস্টার” নাটকের মাধ্যমে। যা উপস্থিত দর্শক মন জয় করে নেয়।
এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ শীর্ষেন্দু দত্ত বলেন, “এই প্রতিষ্ঠা দিবসের মূল উদ্দেশ্য কেবল আনন্দ উদ্যাপন নয়। বরং ছাত্রছাত্রীদের সৃজনশীলতা, জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক বিকাশের এক সম্মিলিত প্রকাশ ঘটানো।” অনুষ্ঠানের বিভিন্ন অংশে অংশগ্রহণ করতে পেরে ছাত্রছাত্রীরা খুবই খুশি। উপস্থিত অভিভাবকরাও সামগ্রিক পরিবেশন দেখে আনন্দ উপভোগ করেন।
2
নির্বাচন মধ্যবর্তী সময়েও ডেঙ্গু প্রতিরোধে গুরুত্ব দেওয়ার বার্তা স্বাস্থ্য দপ্তরের
এ বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী এপ্রিল-মে মাস নাগাদ। মার্চ মাসের মধ্যেই ভোট ঘোষণা হওয়ার কথা। স্বাভাবিকভাবেই ভোট ঘোষণা হলে প্রশাসনিক স্তরে ব্যস্ততা শুরু হয়ে যাবে। সাধারণ প্রশাসন ও পুলিশ প্রশাসনের আধিকারিক ও কর্মীরা নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে পড়বেন। এই পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে যাতে কোনো রকম গাফিলতি না হয় তারজন্য এখন থেকেই এ ব্যাপারে সচেতন হওয়ার বার্তা দেওয়া হলো। বার্তা দিলেন স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা। জেলা প্রশাসনও এ ব্যাপারে নজর দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছে বলে জানালেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়। তিনি জানান, ১১ মার্চ জেলা পরিষদের সভাকক্ষে এ বিষয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এখান থেকেই সচেতনতার বার্তা দেওয়া হয় উপস্থিত জনপ্রতিনিধিদের। এই বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরাও। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) সৈকত গাঙ্গুলী সহ জেলা পরিষদ ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিক বৃন্দ। এ প্রসঙ্গে বিশ্বনাথ রায় বলেন, এদিনের এই সচেতনতা শিবিরে এখন থেকেই ডেঙ্গু রোধের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার কথা বলা হয়েছে। ডেঙ্গুর প্রাদুর্ভাব যাতে কোনোভাবেই বিগত বছরগুলির তুলনায় বৃদ্ধি না পায় সেদিকে গুরুত্ব দিতে বলা হয়েছে। এরজন্য গত বছর যে ব্লকগুলিতে ডেঙ্গু বেশি হয়েছিল সেখানে বাড়তি নজর দিতে বলা হয়েছে।
3
পূর্বস্থলীতে পাঁচ কেজির বেশি বোমার মশলা উদ্ধার, গ্রেপ্তার ১
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পাঁচ কেজির উপর বোমার মশলা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় গ্ৰেফতার হয় ১জন। ধৃতে্য সাত দিনের পুলিশী হেপাজত চেয়ে কালনা আদালতে পাঠায় পুলিশ। প্রসঙ্গতঃ, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার পুলিশ কয়েকটি প্যাকেটে থাকা বোমার মশলা উদ্ধার করে। ঘটনায় গ্রেপ্তার হয় সাহাবিল শেখ নামে এক ব্যক্তি। পূর্বস্থলীর ছাতনি এলাকার সাহাবিল শেখের বাড়ি।
জানা গেছে, বেনাকর মোড় থেকে অভিযুক্তকে বোমার মশলা সমেত গ্রেপ্তার করা হয়। ল্তার কাছ থেকে উদ্ধার হয় পাঁচ কেজির উপর বোমার মশলা।অভিযুক্ত বিপুল পরিমাণ বোমার মশলা নিয়ে কোথায় যাচ্ছিল বা তার কি উদ্দেশ্য জানতে তদন্তে পূর্বস্থলী থানার পুলিশ।


