বিএমসিএইচ-য়ে বেডসাইড ডায়ালিসিস-এর উদ্বোধনে বিধায়ক | আলু তোলার কাজে এসে ট্রাক্টর বোঝাই শ্রমিক দুর্ঘটনার কবলে, মৃত ১, আহত কমপক্ষে ২১


1
বিএমসিএইচ-য়ে বেডসাইড ডায়ালিসিস-এর উদ্বোধনে বিধায়ক

বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে বেড সাইড ডায়ালিসিসের উদ্বোধন হলো। উদ্বোধন করলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল ডাঃ মৌসুমী বন্দোপাধ্যায়, বর্ধমান হাসপাতালে সুপার তাপস ঘোষ সহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীবৃন্দ। একইসঙ্গে এদিন এখানে উদ্বোধন করা হয় অত্যাধুনিক ডিজিটাল ফ্লুরোস্কোপি যন্ত্রর। এ প্রসঙ্গে হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় ৯৪ লক্ষ টাকা ব্যয় এখানে এই অত্যাধুনিক ডিজিটাল ফ্লুরোস্কোপি যন্ত্র বসানো হয়েছে। এ প্রসঙ্গে বিধায়ক খোকন দাস বলেন, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা যথেষ্ট উন্নত। এই মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যথেষ্ট দৃষ্টিপাত করেন। তাঁরই আন্তরিক প্রচেষ্টায় এখানে এই অত্যাধুনিক যন্ত্র বসানো সম্ভব হয়েছে। এর ফলে স্থানীয় মানুষজন খুবই উপকৃত হবেন। তিনি বলেন, এই হাসপাতালে পূর্ব বর্ধমান জেলা ছাড়াও পার্শ্ববর্তী অন্যান্য জেলা, এমনকি ঝাড়খন্ড থেকে রোগীরা চিকিৎসা পরিষেবা নেবার জন্য আসেন। ফলে অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার সুবিধা তারা সকলেই পাবেন।
এ প্রসঙ্গে তাদের মতামত জানাতে গিয়ে ডাঃ মৌসুমী বন্দোপাধ্যায় এবং ডাঃ তাপস ঘোষ বলেন, এখানকার উন্নত স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার সুবিধা এই জেলার মানুষরা ছাড়াও পার্শ্ববর্তী অন্যান্য জেলার মানুষরাও পেয়ে থাকেন। আজ এখানে যে দুটি অত্যাধুনিক যন্ত্রের উদ্বোধন হলো তা এই হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রকে আরও অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করলো।

2
আলু তোলার কাজে এসে ট্রাক্টর বোঝাই শ্রমিক দুর্ঘটনার কবলে, মৃত ১, আহত কমপক্ষে ২১

পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা থেকে মাঠে আলু তোলার কাজে এসে ট্রাক্টর উল্টে মারা গেল এক ব্যক্তি। পূর্ব বর্ধমান জেলার রায়না থানা এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়লো শ্রমিক বোঝাই একটি ট্রাক্টর। রবিবার রায়নার হিজলনা অঞ্চলের জাকতা এলাকায় আলু তোলার কাজে আসা শ্রমিক বোঝাই একটি ট্রাক্টর আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই মর্মান্তিক ঘটনায় একজন শ্রমিকের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ২১ জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগণার হাসনাবাদ ও সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে মোট ২২ জন শ্রমিকের একটি দল রায়নায় আলু তোলার জন্য এসেছিলেন। রবিবার হিজলনা থেকে জাকতা যাওয়ার পথে জাকতা শ্মশানের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। ট্রাক্টরটি সজোরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে শ্রমিকরা তার তলায় চাপা পড়েন। দুর্ঘটনার শব্দ পেয়ে পার্শ্ববর্তী এলাকার স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। আহতদের তারা উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা ৬০ বছর বয়সী মনোরঞ্জন মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন। নিহত ওই শ্রমিকের বাড়ি হাসনাবাদ এলাকায় । বাকি ২১ জন শ্রমিকের চিকিৎসা শুরু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।