সরকারি প্রকল্পের সুবিধা নিতে বহু মানুষের ভিড়, ভিড় সামলাতে রাস্তায় নামলেন তৃনমূলের ব্লক সভাপতি


সরকারি প্রকল্পের সুবিধা নিতে বহু মানুষের ভিড়, ভিড় সামলাতে রাস্তায় নামলেন তৃনমূলের ব্লক সভাপতি

রাজ্যজুড়ে চলছে যুব সাথী প্রকল্পের ফর্ম তোলা ও জমা নেওয়ার কাজ। পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর ব্লক অফিসে এই কাজ চলছে। সোমবার সেখানে বেড়ুগ্রাম, জোতশ্রীরাম এবং জারগ্রাম এই তিনটি অঞ্চলের মানুষের ফর্ম দেওয়া ও জমা নেওয়া হয়। এই তিনটি অঞ্চলের হাজার হাজার মানুষ যুব সাথী ও ভূমিহীন কৃষকদের প্রকল্পের ফর্ম নিতে লাইন দেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছোয় যে লাইন ব্লক অফিস ছাড়িয়ে মেন রাস্তা পর্যন্ত পৌঁছে যায়। তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে সেখানে উপস্থিত হন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। আসেন বিডিও পার্থসারথী দে। আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন জামালপুর থানার পুলিশ। মেহেমুদ খান নিজে রাস্তায় নেমে যান নিয়ন্ত্রণ করেন। ব্লকের ভিতরে আলাদা করে কাউন্টার খোলা হয়। সেখানেও দেখা যায় ভূমিহীন কৃষক ও যুব সাথী লাইনে উপচে পড়ছে ভিড়। মেহেমুদ খান বলেন, ভিড় হওয়াটা স্বাভাবিক। কারণ মুখ্যমন্ত্রী যখন কোনো প্রকল্প ঘোষণা করেন বা কোনো প্রকল্পের সুবিধা দেন তিনি কোনো দল দেখেন না, কোনো রং দেখেন না। তিনি বলেন এখানে এত ভিড়। তার মধ্যে তৃণমূল, বিজেপি , সিপিএম, কংগ্রেসের পরিবারের সদস্যরা সকলেই আছেন। এটাই পশ্চিমবঙ্গ। এরজন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।