চিকিৎসক খুনের ঘটনায় ধৃতের সাত দিনের পুলিশ হেফাজত


চিকিৎসক খুনের ঘটনায় ধৃতের সাত দিনের পুলিশ হেফাজত

বর্ধমান শহরের বাদামতলায় আরএমপি চিকিৎসক খুনের ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত চিকিৎসকের নাম রাজা ভৌমিক। এই ঘটনায় ধৃত অভিযুক্ত জীবন রুইদাস তার স্বীকারোক্তিতে ভুল চিকিৎসার অভিযোগে ওই চিকিৎসককে খুন করেছে বলে জানিয়েছে। তার দিদিমার ভুল চিকিৎসার জন্য মৃত্যু হয়। সেই ক্ষোভের কারণেই সে এই ঘটনা ঘটিয়েছে বলে জানায়। অভিযুক্ত আরও জানায়, ওই চিকিৎসক আইনের হাত থেকে রেহাই পেয়ে যেতে পারেন এই আশঙ্কাতেই সে নিজেই কাটারি দিয়ে কুপিয়ে রাজা ভৌমিককে হত্যা করেছে। ঘটনার পর সে নিজেই থানায় আত্মসমর্পণ করে। পরে তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটে ৩ ফেব্রুয়ারি। ৪ ফেব্রুয়ারি ধৃত জীবন রুইদাসকে বর্ধমান আদালতে পেশ করে দশ দিনের পুলিশি হেফাজতের জন্য আবেদন করেন তদন্তকারী অফিসার। জানা গেছে, আদালত তাকে সাত দিনের পুলিশ হেফাজত দিয়েছে। এ প্রসঙ্গে আরও জানা যায়, মৃত চিকিৎসকের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে বর্ধমান থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।