নীলপুর যুব উৎসব শুরু ১৩ই জানুয়ারি | সংবিধান বাঁচাও গণমঞ্চের উদ্যোগে সভা | ২২ নম্বর ওয়ার্ডে মহাবীর তোরণের উদ্বোধন


1
নীলপুর যুব উৎসব শুরু ১৩ই জানুয়ারি

চতুর্থ বর্ষ নীলপুর যুব উৎসব শুরু হচ্ছে ১৩ জানুয়ারি। চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। এই উৎসবের প্রথম দিনে উপস্থিত থাকবেন বাংলা চলচ্চিত্র জগতের সুপারস্টার দেব। এছাড়াও উপস্থিত থাকবেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী সায়নী ঘোষ। অন্যান্য দিনেও কলকাতা ও মুম্বাইয়ের বিশিষ্ট শিল্পীরা উপস্থিত হবেন নীলপুর যুব উৎসব মঞ্চে। এ প্রসঙ্গে এই উৎসব কমিটির সভাপতি রাসবিহারী হালদার জানান, নীলপুর যুব উৎসবের সূচনা হবে ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে ম্যারাথন দৌড়ের মধ্যে দিয়ে। এই প্রতিযোগিতায় দেড় হাজার প্রতিযোগী অংশগ্রহণ করবেন। ম্যারাথন দৌড় শুরু হবে গোলাপবাগ থেকে, শেষ হবে পুলিশ লাইনে। এখানে প্রথম স্থানাধিকারী পুরস্কার হিসেবে পাবেন পঞ্চাশ হাজার টাকা। দ্বিতীয় স্থানাধিকারী পাবেন ২৫ হাজার টাকা এবং তৃতীয় স্থানাধিকারী পাবেন ১৫০০০ টাকা। রাসবিহারী জানান, নীলপুর যুব উৎসবে এবার ১০০ অধিক স্টল থাকছে। বিভিন্ন খাবারের স্টল এবারের উৎসবের অন্যতম আকর্ষণ। এবার মেলার পরিধি আরও বেড়েছে। ফলে মেলার স্থান পরিবর্তন হয়েছে। জাগরণী সংঘের মাঠের পরিবর্তে এবার নীলপুর যুব উৎসব অনুষ্ঠিত হবে বিবেকানন্দ কলেজের পেছনে ঘোষের মাঠে। ইতিমধ্যেই এই উৎসবের প্রস্তুতি পর্বের কাজ শুরু হয়ে গেছে।

2
সংবিধান বাঁচাও গণমঞ্চের উদ্যোগে সভা

৭ জানুয়ারি হুগলি জেলার পান্ডুয়া থানার অন্তর্গত হরিদাসপুর গ্রামে সংবিধান বাঁচাও গণমঞ্চের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হলো। এই সভা মঞ্চ থেকে সংবিধান বাঁচাও গণমঞ্চের হুগলি জেলা কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হন অমর মুখার্জী। সাধারণ সম্পাদক হয়েছেন ইস্রাফিল সেখ ও কবিতা বাগ। এ দিনের এই সভায় উপস্থিত ছিলেন সংবিধান বাঁচাও গণমঞ্চের কেন্দ্রীয় সভাপতি হাজী শামসুল হক, ফিনান্স অ্যাডভাইসার শ্যামাদাস বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় কমিটির সদস্য মুন্সী রফিকুল হাসান, আইনজীবী মনিরুল ইসলাম, সভানেত্রী মাজেদা বিবি, সংগঠনের পূর্ব বর্ধমান জেলা কমিটির কোষাধ্যক্ষ তাপস সর্দার, হাওড়া জেলা থেকে আগত ফতেমা বেগম সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হাজী শামসুল হক, ফিনান্স অ্যাডভাইসার শ্যামাদাস বন্দোপাধ্যায়, কেন্দ্রীয় কমিটির সদস্য মুন্সী রফিকুল হাসান, আইনজীবী মনিরুল ইসলাম প্রমুখ। শ্যামাদাস বন্দ্যোপাধ্যায় বলেন, এদিনের এই সভায় জাতি ধর্ম নির্বিশেষে বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। তাদের সকলের কাছে সংবিধান বাঁচাও গণমঞ্চ গড়ে তোলার মূল লক্ষ্য কি সে বিষয়ে আলোকপাত করা হয়। হুগলি জেলা কমিটি গঠনের মধ্যে দিয়ে এই জেলাতেও আগামী দিনে সংগঠনকে আরও বিস্তৃত করে তোলার কাজ শুরু হবে।

3
২২ নম্বর ওয়ার্ডে মহাবীর তোরণের উদ্বোধন

বর্ধমান শহরের ২২ নম্বর ওয়ার্ডে মহাবীর তোরণের উদ্বোধন হলো। উদ্বোধন করলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছিলেন বিধায়ক খোকন দাস। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই উদ্যোগপতি দিলীপ কুমার আগরওয়াল ও অলোক কুমার আগরওয়াল। এই অনুষ্ঠানে নাড়ুগোপাল ভকত বলেন, আমাদের ২২ নম্বর ওয়ার্ডের উন্নয়নে একজন জনপ্রতিনিধি হিসেবে আমি যতটা সম্ভব উদ্যোগ গ্রহণ করেছি। সাধারণ মানুষের চাহিদা মেনে রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করার পাশাপাশি এলাকায় মহাপুরুষদের মূর্তি স্থাপন করা হয়েছে। আজ এখানে মহাবীর তোরণের উদ্বোধন হলো। মূলত এলাকার মানুষের পাশে থেকে এই ওয়ার্ডকে আরও উন্নত করে তোলাই লক্ষ্য আমাদের বলে উল্লেখ করলেন নাড়ুগোপাল।