২১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের উদ্যোগে শিশুদের কেক বিতরণ || জামালপুরে পথশ্রী প্রকল্পে চারটি রাস্তার

২১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের উদ্যোগে শিশুদের কেক বিতরণ বর্ধমান শহরের ২১ নম্বর ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এখানে বসবাসকারী শিশুদের হাতে কেক তুলে দেওয়া হয়। কাউন্সিলর নিজে উপস্থিত থেকে বিভিন্ন বাড়িতে গিয়ে সেখানে থাকা শিশুদের হাতে এই কেক তুলে দেন। তিনি বলেন, ২৫ ডিসেম্বর যীশু খ্রীষ্টের জন্মদিনটি আমরা বিশেষভাবে পালন করি। এই দিনে কেক খাওয়ার একটা রেওয়াজ রয়েছে। আর শিশুরা কেক খেতে খুবই ভালোবাসে। তাই তাদের হাতে কেক তুলে দিতে পেরে খুবই ভালো লাগছে। ওয়ার্ডের ৬০০ শিশুর হাতে এদিন কেক তুলে দেওয়া হয় স্থানীয় কাউন্সিলরের এর পক্ষ থেকে।

 

জামালপুরে পথশ্রী প্রকল্পে চারটি রাস্তার উদ্বোধন পূর্ব বর্ধমান জেলার জামালপুরে ৮ কোটি টাকা ব্যয়ে পথশ্রী প্রকল্পে রাস্তার উদ্বোধন হলো। এই রাস্তা উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থসারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, চকদিঘী অঞ্চল প্রধান অসীমা বাগ, জারোগ্রাম অঞ্চল প্রধান নূরজাহান বিবি,তাবারক আলী মন্ডল, আজাদ রহমান, আলাউদ্দিন শেখ সহ অন্যান্যরা। আজ যে চারটি রাস্তার উদ্বোধন হলো সেগুলি হলো, নারায়ণপুর প্রাইমারি স্কুল থেকে মহিষগড়িয়া মন্ডলপাড়া, যার দৈর্ঘ্য ১.৮ কিমি। এরজন্য ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা। এর পরের রাস্তাটি হল রামকৃষ্ণপুর দাসপাড়া থেকে মরা বাঁধ ভায়া বুড়ো পীরতলা। যার দৈর্ঘ্য ২.১১৫ কিমি। এরজন্য ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ৯৩ লক্ষ টাকা। এর পাশাপাশি সোনারগড়িয়া থেকে জোরবাঁধ পর্যন্ত রাস্তাটিও তৈরি করা হয়েছে।যার দৈর্ঘ্য ৫.৫ কিমি। এরজন্য ব্যয় হয়েছে ২ কোটি ৫৫ লক্ষ টাকা।আবার ধাপধারা বেড়ুতলা থেকে জোড়চাঁদ পর্যন্ত রাস্তা যার দৈর্ঘ্য ৩.৯ কিমি। এরজন্য ব্যয় হয়েছে ২ কোটি ৮ লক্ষ টাকা। পথশ্রী প্রকল্পে এই রাস্তাগুলি পেয়ে সাধারণ মানুষ খুব খুশী। শুধু তাই নয় পথশ্রী ৪ প্রকল্পে আরও ২০ টি রাস্তা জামালপুরে উদ্বোধন হবে বলে জানা গেছে। মেহেমুদ খান বলেন, এই রাস্তাগুলির কাজ পরিপূর্ণ হয়ে গেলে ব্লকে বিভিন্ন এলাকার মানুষের যাতায়াতের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। এরজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।