1
রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়নের বার্তা পৌঁছবে ঘরে ঘরে
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে ২০১১ সালে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকে রাজ্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে কার্যকর করা হয়। এখনও পর্যন্ত ৯০ টির বেশি সরকারি প্রকল্প রাজ্যে কার্যকর রয়েছে। এই সমস্ত প্রকল্পের ও উন্নয়নের কথা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ভার্চুয়ালি জানিয়েছেন। এবার রাজ্য সরকারের সেই গৌরবময় ১৫ বছরের পথচলার কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বর্ধমান শহরের ৩৫ টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন, সুরক্ষা ও মানবিকতার অঙ্গিকারে তৈরী হয়েছে এক নতুন বাংলা। বাংলার ইতিহাসে এই গৌরবময় ১৫ বছরের পথচলা লেখা থাকবে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই সময়কালে সেইসব সাফল্যের কথা তুলে ধরা হয়েছে। তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তন্ময় বলেন, এবার আমরা রাজ্য সরকারের সেই সাফল্যের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব। এই সংক্রান্ত যে রিপোর্ট কার্ড তৈরী হয়েছে তার বার্তা শহরের ৩৫টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা সাধারণ মানুষকে জানাবেন। দলের পক্ষ থেকে সেই প্রস্তুতির কাজ শুরু করা হয়েছে।
2
৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজনৈতিক প্রশিক্ষণ শিবির
বর্ধমান শহরের ৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে রাজনৈতিক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। জানা গেছে, ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতৃত্ব ও কর্মীদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। বর্ধমান পান্থশালায় আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক প্রমুখ। উপস্থিত এই দুই নেতৃত্বের হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হয়। একইসঙ্গে এদিন বেশকিছু তৃণমূল কংগ্রেসের কর্মীকে সম্বর্ধনাও জানানো হয়। এ প্রসঙ্গে ৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানা গেছে, ২০২১ সালের বিধানসভা ভোটের সময় স্থানীয় লক্ষ্মীপুর মাঠ এলাকায় তৃণমূলের বেশকিছু পরিবারের মানুষজন বিজেপির আক্রমণে ঘরছাড়া হয়েছিল। তাদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়। এরপরও তারা তৃণমূল কংগ্রেসের পাশে থেকেছেন। তাই এই নিষ্ঠাবান দলীয় কর্মীদের এদিন দলের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত নেতৃত্বরা ২০২৬-এর বিধানসভা নির্বাচনে কিভাবে ওয়ার্ডের মানুষের কাছে পৌঁছে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও প্রকল্পের কথা পৌঁছে দেওয়া হবে, সে বিষয়ে দলীয় কর্মীদের অবহিত করেন। এই প্রশিক্ষণ শিবিরে ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের বহু কর্মী উপস্থিত ছিলেন।


