দ্রুত এসআইআর ফর্ম জমা দেওয়ার আবেদন | অভিভাবকদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিত | রাজনন্দিনী কাপ শুরু ২৮ নভেম্বর

1
দ্রুত এসআইআর ফর্ম জমা দেওয়ার আবেদন

শহরে পৌরসভা এলাকায় ৩৫ টি ওয়ার্ডে এসআইআর ফর্ম সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বিএলও-রা। সারা রাজ্যের সঙ্গে বর্ধমানেও ৪ নভেম্বর থেকে এই ফর্ম বিতরণের কাজ শুরু হয়েছে। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে এই ফর্ম বিএলওদের কাছে জমা দিতে হবে। এই কাজ আরও আগে সম্পন্ন করার জন্য শহরের ভোটারদের কাছে আহ্বান জানালেন বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়। তিনি বলেন, এসআইআর ফর্ম পূরণ করে যত দ্রুত সম্ভব বিএলওদের কাছে সেটা জমা দিন। কারণ তারা এই ফর্ম হাতে পাওয়ার পর সেগুলি আবার লিপিবদ্ধ করবেন। এই কাজ করার জন্য হাতে সময় লাগবে। যত দেরি হবে তত বেশি ফর্ম একত্রে জমা হয়ে যাবে। তখন সার্ভার ফেলিওর হলে সমস্যা হবে ভোটারদের। তাই দেরি না করে অন্তত আগামী ২৮ নভেম্বরের মধ্যে এসআইআর ফর্ম জমা দেওয়ার জন্য বর্ধমান শহরের ভোটারদের কাছে আবেদন জানালেন তন্ময় সিংহ রায়।

2
অভিভাবকদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা

বিএমএসসিসি – র উদ্যোগে বর্ধমান মিউনিসিপাল বয়েজ স্কুলের মাঠে এক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। এই উপলক্ষ্যে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বনবিহারী যশ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে উজ্জ্বল প্রামাণিক বলেন, এখানে অভিভাবকদের এই প্রতিযোগিতা একটা নতুন দিকের সূচনা করেছে। তারা একত্রে মিলিত হয়ে খেলার পাশাপাশি মনের দিক থেকেও আনন্দ অনুভব করেন। এটাও একটা বাড়তি পাওনা তাদের সকলের কাছে। এই প্রতিযোগিতার সাফল্য কামনা করেন তিনি। (পজ্)

3
রাজনন্দিনী কাপ শুরু ২৮ নভেম্বর

এক কথায় বলা যায় জাতীয় স্তরের ক্রিকেট টুর্নামেন্ট রাজনন্দিনী কাপ। আর এই ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে প্রতি বছরই বর্ধমান শহরের ক্রীড়া প্রেমী মানুষজন মাঠমুখী হয়ে ওঠেন। এ বছর রাজনন্দিনী কাপ শুরু হচ্ছে ২৮ নভেম্বর। চলবে 30 নভেম্বর পর্যন্ত। এ প্রসঙ্গে আয়োজিত এক সাংবাদিক সভায় উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয়, রাজনন্দিনী কাপ মূলত ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্রিকেট টিমগুলি টুর্নামেন্টে খেলার ব্যাপারে যথেষ্ট উৎসাহী হয়ে রয়েছে। এবারের এই ক্রিকেট টুর্নামেন্টে বর্ধমান, কলকাতা ছাড়া সারা দেশের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন ক্লাব অংশগ্রহণ করছে। ২৮ তারিখ আটটি ক্রিকেট টিম খেলায় অংশ নেবে। ২৯ তারিখেও আটটি টিম খেলায় অংশ নেবে। এর মধ্যে থেকে মোট চারটি টিম ৩০ নভেম্বর সেমিফাইনালে খেলবে। এই একই দিনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয়, মূলত শিশুদের মাঠমুখী করা, দর্শকদের মাঠমুখী করা ও খেলোয়াড়দের মাঠমুখী করার লক্ষ্য নিয়েই এই ধরনের টুর্নামেন্টের আয়োজন। (পজ্)