বর্ধমান উন্নয়ন পর্ষদের কাজ পরিদর্শনে চেয়ারম্যান || ১০০ শয্যা বিশিষ্ট ইন্ডোর পরিষেবা চালু গ্রামীণ হাসপাতালে

1
বর্ধমান উন্নয়ন পর্ষদের কাজ পরিদর্শনে চেয়ারম্যান

বর্ধমান শহর সংলগ্ন বিভিন্ন এলাকাজুড়ে বর্ধমান উন্নয়ন পর্ষদের কাজ চলছে। বর্তমানে এই কাজ চলছে বর্ধমান শহরের কাছে সেন্ট্রাল স্কুল এলাকায়। এখানে জিটি রোডের ধার থেকে সেন্ট্রাল স্কুল পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা সংস্কার করা হচ্ছে। এই রাস্তার অর্ধেকটা ইতিমধ্যেই ঢালাই করা হয়েছে। বাকি অর্ধেকটা রাস্তায় পিচ দেওয়া হচ্ছে। এই কাজ পরিদর্শন করলেন বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক। তার সঙ্গে ছিলেন পর্ষদের এক্সিকিউটিভ অফিসারও। উজ্জ্বল প্রামাণিক বলেন, এই রাস্তার কাজ ঠিকমতো হচ্ছে কিনা তা দেখার জন্যই আমরা এখানে এসেছিলাম। সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী করে তোলার জন্য এই রাস্তাটি সংস্কার করা হচ্ছে। আমরা আশাবাদী এই কাজ যথাযথভাবে সম্পন্ন হবে।

2
১০০ শয্যা বিশিষ্ট ইন্ডোর পরিষেবা চালু গ্রামীণ হাসপাতালে

পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লক এলাকায় ১০০ শয্যা
বিশিষ্ট ইনডোর পরিষেবা চালু হলো স্থানীয় গ্রামীণ হাসপাতালে। ইতিপূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হাসপাতালের উদ্বোধন করেছিলেন। এবার সেই হাসপাতালে ইন্ডোর পরিষেবা ব্যবস্থার সূচনা করলেন রাজ্যের মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ। তিনি বলেন এখানে ইতিপূর্বেই আউটডোর পরিষেবা কার্যকর ছিল। নতুন বিল্ডিংয়ে ইনডোর পরিষেবা শুরু করা হলো। এই হাসপাতাল উদ্বোধনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক প্রচেষ্টা এখানকার মানুষের স্বপ্ন সফলে সহযোগিতা করেছে। স্বপনবাবু বলেন, আমি মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। এই গ্রামীণ হাসপাতাল এলাকার মানুষের সুবিধার্থে যথেষ্ট ভূমিকা রাখবে বলে আশা রাখছি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম সহ কালনার মহকুমা শাসক, স্থানীয় থানার ওসি সহ অন্যান্য বিশিষ্টজনেরা।