বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলন | মার্শাল আর্টে বিশেষ সাফল্য বর্ধমানের প্রতিযোগীদের | রায়না ২ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনী


1
বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলন

বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্থানীয় সংস্কৃতি লোকমঞ্চে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার শর্মিলা সরকার, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস সহ বর্ধমান পৌরসভার এম সি আই সি ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ। উপস্থিত ছিলেন বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, জেলা ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ,জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নীলা মুন্সী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই বিজয়া সম্মেলনে সকলকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। তারা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে এই বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই বিজয়া সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

2
মার্শাল আর্টে বিশেষ সাফল্য বর্ধমানের প্রতিযোগীদের

জাতীয়স্তরে অনুষ্ঠিত মার্শাল আর্ট প্রতিযোগিতায় বিশেষ সাফল্য অর্জন করলো পূর্ব বর্ধমান জেলা। এই উপলক্ষ্যে উদ্যোক্তাদের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়, কঠোর অনুশীলনের মধ্যে দিয়ে এখানকার প্রতিযোগীরা এবার সাফল্যের মুখ দেখেছে। জেলায় চারটি সোনা, দুটি রূপো ও একটি ব্রোঞ্জ পদক এসেছে। জানা গেছে, এবার জাতীয় স্তরে প্রতিযোগিতায় সারা রাজ্য থেকে ৭৩ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। পূর্ব বর্ধমান জেলা থেকে গিয়েছিলেন পাঁচ জন প্রতিযোগী। তাদের সকলের সাফল্যে গর্বিত এখানকার অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ।

3
রায়না ২ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনী

সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দুর্গাপুজো পরবর্তী সময়ে মিলন ও শুভেচ্ছা বিনিময়ের আবহে এবার জেলার রায়না ২ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী। বৃহস্পতিবার বিকেলে এই অনুষ্ঠানটি হয় আলমপুর মাধবডিহি তৃণমূল কংগ্রেস কার্যালয় সংলগ্ন প্রাঙ্গণে। এই
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, ব্লক সভাপতি, পঞ্চায়েত প্রতিনিধিরা এবং স্থানীয় নেতা-কর্মীরা। বিজয়া সম্মেলনী মঞ্চে দলীয় পতাকা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা দলের সংগঠন আরও মজবুত করার আহ্বান জানান। আসন্ন পঞ্চায়েত উপনির্বাচন ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচী নিয়েও আলোচনা হয়। পাশাপাশি, রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প — যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, খাদ্যসাথী— সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেন উপস্থিত নেতৃত্ববৃন্দ। এক আনন্দঘন পরিবেশে এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উপস্থিত নেতৃত্ব ও কর্মীদের মধ্যে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।