পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির জেলা সম্মেলন
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর। এই উপলক্ষ্যে ১০ অক্টোবর বর্ধমান কোর্ট কম্পাউন্ড এলাকায় সংগঠনের নিজস্ব ভবনে এক সাংবাদিক সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত নেতৃত্ববৃন্দ জানান, বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে তাদের এই জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের আগে উৎসব ময়দান থেকে একটি রেলি জি টি রোড হয়ে সংস্কৃতি লোকমঞ্চে আসবে। এই রেলিতে অংশ নেবেন সংগঠনের রাজ্য নেতৃত্ব তথা রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ববৃন্দ। সম্মেলন মঞ্চে উপস্থিত থাকবেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। সংগঠনের নেতৃত্বরা আরও জানান, এই সম্মেলন মঞ্চ থেকে কর্মচারীদের স্বার্থে আগামী দিনে বিভিন্ন লড়াই আন্দোলনের কর্মসূচী নির্ধারিত হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা জানান, ডিএ সহ বিভিন্ন বিষয় নিয়েই তারা আলাপ-আলোচনা করবেন। আগামী বিধানসভা নির্বাচনে সরকারি কর্মচারীরা যাতে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন সেই বিষয় সম্পর্কেও আলোচনা করা হবে। তারা এও জানান, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে সফল করে তোলার ক্ষেত্রে কর্মচারীদের যে ভূমিকা রয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। আগামী দিনে তারা এই ভূমিকা যথাযথভাবে পালন করে যাবেন।


