সামাজিক সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহ | স্বেচ্ছায় রক্তদান শিবির বর্ধমানে | সুশান্তর উদ্যোগে ২৯ নম্বর ওয়ার্ডে দু’হাজার দুস্থকে বস্ত্র প্রদান


1
সামাজিক সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণ

কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে বর্ধমান সর্বশিক্ষা অভিযান ও বর্ধমান ওয়েভ নামে একটি সংস্থার যৌথ উদ্যোগে পুতুল নাচ আর নৃত্যনাট্যের মাধ্যমে সামাজিক সমস্যাগুলির সমাধান প্রদর্শন করে দেখানো হয়। স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সৌভিক বিশ্বাস জানান, পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রাণী এ-র উদ্যোগে এই প্রদর্শনী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত ছাত্রছাত্রীদের সচেতন করে চলেছে। চাইল্ড ম্যারেজ অ্যাক্ট অনুসারে ১৮ বছরের নীচে মেয়েরা আর ২১ বছরের নীচে ছেলেরা বিয়ে করলে আইনলঙ্ঘন হয় এটিও বলা হয়। তার সঙ্গে পরিবার আর সমাজে অনর্থক এই বিষয়ে চাপ তৈরী করা হয়।
সৌভিক আরও জানান, স্কুল ছুটের সমস্যা, শিশুশ্রম, বাল্যবিবাহ, অপরিণত বয়সে গর্ভধারণ, গুরুজন তথা শিক্ষকদের সতর্কবাণীকে অগ্রাহ্য করা ইত্যাদি বিষাক্ত লতার মতো জড়িয়ে ধরছে সমাজকে। ফলে অপরাধ বাড়ছে নানা দিক থেকে।
পুতুল নাচের মাধ্যমে এ বিষয়ে আলোকপাত করা হয়।
বিদ্যালয়ের সংস্কৃতর সহশিক্ষক দীপ্ত সুন্দর মুখোপাধ্যায় বলেন, নৃত্যনাট্যের মাধ্যমে সমাজে শিশুশ্রমের সমস্যার কলঙ্ক ও শিশুদের বেঁচে থাকার স্বপ্ন ফুটিয়ে তুললেন বর্ধমান ওয়েভের কলাকুশলীরা।
অনুষ্ঠানের শেষে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধানশিক্ষক ডঃ সুভাষচন্দ্র দত্ত বলেন, আগে ১৫ বছরের মেয়েরা গর্ভধারণ করতো। কোবিদ পরবর্তী সময়ে ১২ বছরেই এই সমস্যা জ্বলন্ত হয়ে উঠছে। বর্ধমান সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য বর্ধমান ওয়েভের মাধ্যমে সফল হোক এই কামনা করি। সকলকে সচেতন করাই হলো লক্ষ্য।

2
স্বেচ্ছায় রক্তদান শিবির বর্ধমানে

বর্ধমানে ইছলাবাদ শ্রীপল্লীতে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উই ফাইট ফর রাইট এর উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এই রক্তদান শিবিরের উদ্বোধনী পর্বে এই ধরনের একটি সামাজিক কাজকে সফল করে তোলার জন্য উদ্যোক্তাদের সাধুবাদ জানান বিধায়ক খোকন দাস। তিনি এলাকার সাধারণ মানুষকে এই মহতী কাজে এগিয়ে আসার আহ্বান জানান। উজ্জ্বল প্রামাণিক বলেন, রক্তদান আজ একটি উৎসবে পরিণত হয়েছে। এটা সম্ভব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই। কারণ সমস্ত ভয়ভীতি কাটিয়ে রক্তদানে সাধারণ মানুষকে এগিয়ে আসার ব্যাপারে আন্তরিকভাবে উদ্বুদ্ধ করতে সচেষ্ট ছিলেন মুখ্যমন্ত্রী। ফলে তাঁর আহ্বানে সাড়া দিয়ে আজ হাজার হাজার মানুষ রক্ত দান করতে এগিয়ে আসছেন। এর ফলে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্লাড ব্যাংকের রক্তের সংকট নিরসন করা সম্ভব হচ্ছে। এটা অত্যন্ত আশার দিক। আমরা আশাবাদী এই ধরনের রক্তদান শিবির প্রতিটি এলাকার মানুষকে রক্তদানের মতো সামাজিক কাজে এগিয়ে আসার ব্যাপারে উদ্বুদ্ধ করবে। (পজ্)

3
সুশান্তর উদ্যোগে ২৯ নম্বর ওয়ার্ডে দু’হাজার দুস্থকে বস্ত্র প্রদান

বর্ধমান শহরের ২৯ নম্বর ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিকের উদ্যোগে ২০০০ দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হলো। এই কর্মসূচীতে অংশ নেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, প্রবীণ আইনজীবী ও কাউন্সিলর অরূপ দাস, ইন্তেখাব আলম, নিতাই মজুমদার স্বীকৃতি হাজরা, রুপালি কৈবর্ত, সনৎ বক্সী, সমাজসেবী তন্ময় সিংহ রায়, যজ্ঞেশ্বর দাস বৈরাগ্য, স্বপন হাজরা প্রমুখ। উল্লেখ্য, সুশান্ত প্রামাণিকের দাদা অজয় প্রামাণিকের হাত ধরে এখানে দুর্গোৎসবের দিনগুলিতে সকলের মুখে যাতে হাসি ফোটে তারজন্য দুস্থ পরিবারের সদস্যদের হাতে বস্ত্র তুলে দেওয়া হতো। সেই মানবিক কাজেরই ধারাবাহিকতা বহন করে চলেছেন তার ভাই সুশান্ত প্রামাণিক। তিনি বলেন, দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দিতে পেরে খুবই ভালো লাগছে। পুজোর কটা দিন সব ধর্ম, সব সম্প্রদায় ও সব শ্রেণীর উর্ধে উঠে এখানকার মানুষ আবার পুজোর আনন্দে মেতে উঠুন। সেটাই চাই। সুশান্ত প্রামাণিক জানান, পুজোর আগে পৌরসভার কর্মীদের হাতেও নতুন বস্ত্র তুলে দেবেন। এছাড়া মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদানের ব্যাপারেও উদ্যোগ গ্রহণ করবেন।