1
স্যার রাসবিহারী ঘোষের বসতবাড়ি সংরক্ষণের উদ্যোগ
এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল স্যার রাসবিহারী ঘোষের মতো একজন দানবীর ও স্বাধীনতা সংগ্রামীর বসতবাড়ি সংরক্ষণ করা হোক। সেই চাহিদা এবার পূরণ হতে চলেছে। স্যার রাসবিহারী ঘোষের বসতবাড়ির জায়গা রাসবিহারী ঘোষ স্মৃতি রক্ষা কমিটি হস্তান্তর করলো বর্ধমান জেলা প্রশাসনকে। এই সংক্রান্ত দলিল প্রশাসনের হাতে তুলে দেওয়া হলো। এ প্রসঙ্গে জেলাশাসক আয়েশা রাণী এ জানান, আগামী দিনে এই মহান ব্যক্তিত্বের বসত বাড়িটি সংরক্ষণ করার জন্য সবরকম প্রচেষ্টা নেওয়া হবে। জেলাশাসক অফিসে এই হস্তান্তর পর্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সায়ক দাস, বিধায়ক নবীনচন্দ্র বাগ সহ অন্যান্য জনপ্রতিনিধি ও রাসবিহারী ঘোষ স্মৃতি রক্ষা কমিটির সদস্যবৃন্দ।
2
পঁচাত্তরের পদধ্বনি
বর্ধমান বাদামতলা খালুইবিল সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো এ বছর ৭৫ বছরে পদার্পণ করলো। তাদের এবারের এই পুজোকে কেন্দ্র করে দুর্গা মায়ের জয় শীর্ষক একটি গানও রিলিজ করে। এই উপলক্ষ্যে বর্ধমান গঙ্গাকিশোর ভট্টাচার্য প্রেস কর্ণারে এক সাংবাদিক সভায় এই পুজো কমিটির উদ্যোক্তারা তাদের পুজোর বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। তুলে ধরেন তাদের পুজো পরিকল্পনার কথা।
3
রোটারি ক্লাবের সম্মাননা জ্ঞাপন শিক্ষক অনুপ কুমার দত্তকে
বর্ধমানের রোটারি ক্লাব রোটারি ভারত সাক্ষরতা অভিযান প্রকল্পে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অনুপকুমার দত্তকে ২০২৫ সালের নেশন বিল্ডার অ্যাওয়ার্ড-২০২৫ সম্মানে ভূষিত করেছেন।
বর্ধমানের কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে সহশিক্ষক অনুপকুমার দত্তের জন্ম ১৯৮৬ সালে। উচ্চমাধ্যমিক পর্যন্ত পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র ছিলেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর পাস করে সহশিক্ষক হিসেবে ২০১০ সালে যোগদান করেন অনুপকুমার দত্ত। শিক্ষকতার পাশাপাশি তিনি গবেষণার সঙ্গেও যুক্ত রয়েছেন। ইলসবেয়ার থেকে ছাত্রাবস্থায় তার গবেষণাপত্র প্রকাশিত হয়। তার গবেষণা থ্যালাসেমিয়া পেশেন্টদের বারবার রক্ত নেওয়ার ফলে জমে থাকা রক্তের অতিরিক্ত লৌহ যৌগকে আলাদা করার বিষয় নিয়ে। রাসায়নিক বন্ধনের সাহায্যে আলাদা করার পদ্ধতি আবিষ্কারের দিশা দেখান তিনি।
মেধাবী ও পরিশ্রমী এই শিক্ষকের বহু ছাত্রছাত্রী মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং-এর প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুনামের সঙ্গে স্ব স্ব ক্ষেত্রে কর্মরত আছেন।
অনুপকুমার দত্ত বিদ্যালয়ে পাঠদান ছাড়াও গাছপালা পরিচর্যা করে থাকেন। মিড-ডে মিলের শাকসবজি যোগানে পুষ্টিবাগান দেখাশোনার দায়িত্ব তার। এর বাইরেও নানা ধরণের ফলফুলের গাছ বিভিন্ন নার্সারি থেকে এনে বিদ্যালয়ে বসিয়েছেন তিনি। বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে তিনি যুক্ত রয়েছেন। চিলড্রেন`স ওয়েলফেয়ার সোসাইটিতে তিনি স্থানীয় শিশুদের বিনামূল্যে পাঠদান করে থাকেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের সভাপতি ড সাইদা পারভিন এবং বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর মৌসুমী বন্দ্যোপাধ্যায়।
পুরস্কৃত শিক্ষকের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত জানিয়েছেন, বিদ্যালয়ের কর্মকাণ্ডে আমাদের নিত্যসঙ্গী তথা ছাত্রপ্রিয় অনুপকুমার দত্তের এই পুরস্কারের সংবাদে আমরা সবাই আনন্দিত। তার আরও অনেক অনেক সাফল্য কামনা করি।


