1
জামালপুরে পাড়ায় সমাধান কর্মসূচীতে উপস্থিত জনপ্রতিনিধি ও আধিকারিকরা
পূর্ব বর্ধমান জেলার জামালপুরে পাড়ায় সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হলো চকদিঘী অঞ্চলের উত্তর শুঁড়া প্রাথমিক বিদ্যালয়ে। এই ক্যাম্প পরিদর্শনে উপস্থিত হন বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, ভারপ্রাপ্ত বিডিও রাহুল বিশ্বাস, প্রধান অসীমা বাগ, অঞ্চল সভাপতি আজাদ রহমান সহ অন্যান্যরা। তারা প্রতিটি কাউন্টারে গিয়ে খোঁজ নেন এবং নিজেরাই বসে ক্যাম্পে আগত সাধারণ মানুষের ফর্ম ফিলাপ করে দেন। যাতে সহজেই তারা সরকারি প্রকল্পের সুবিধা পান সেদিকে গুরুত্ব দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই পাড়ায় সমাধান আগামী বিধানসভা ভোটে তৃণমূলকে যথেষ্ট অক্সিজেন যোগাবে বলে মনে করা হচ্ছে। মেহমুদ খান বলেন, এই ক্যাম্পগুলিতে সাধারণ মানুষের উপস্থিতি প্রমাণ করে পাড়ার সমাধান কর্মসূচী ইতিমধ্যেই যথেষ্ট সাড়া ফেলেছে। (পজ্)
2
বাংলা ভাষাভাষীদের উপর আক্রমণের প্রতিবাদে সভা
বর্ধমান শহরের ২২ নম্বর ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর নাড়ুগোপাল ভকতের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। দেশের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে এই সভা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়। তিনি বলেন, বাংলা ভাষা ও বাঙালীদের উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। তারই প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে প্রতি শনি ও রবিবার প্রতিবাদ কর্মসূচী পালিত হচ্ছে। বর্ধমান শহরেও বিভিন্ন দিনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে। আমরা বিজেপির এই নক্কারজনক কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এদিনের প্রতিবাদ সভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার কাউন্সিলর ইন্তেখাব আলম, শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। খোকন দাস বলেন, বাংলা ভাষাভাষীদের উপরে অত্যাচারের প্রতিবাদে আমরা পথে নেমেছি। আমাদের এই প্রতিবাদ আন্দোলন ধারাবাহিকভাবে চলবে। (পজ্)


