দুষ্প্রাপ্য সাদা পলাশের চারা রোপণ বিদ্যালয়ে | ২৯ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচী | আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে কাজ শুরু রায়না ২ ব্লকে


1
দুষ্প্রাপ্য সাদা পলাশের চারা রোপণ বিদ্যালয়ে

ছাত্রছাত্রীদের কাছে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের সংস্কৃতর পন্ডিত দীপ্তসুন্দর মুখোপাধ্যায় জানান,
পুরুলিয়ার হুড়ার রাকাব জঙ্গল থেকে দুষ্প্রাপ্য সাদা পলাশের চারা নিয়ে এসেছেন কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অনুপকুমার দত্ত। সোমবার অর্থাৎ ৪ আগস্ট সেই নবীন সাথীকে সমাদরে আশ্রয় দেওয়া হল বিদ্যালয়ের মধ্যবর্তী উদ্যানে। এই চারা রোপণ করে শিক্ষক বাসুদেব মণ্ডল জানান, সাদা পলাশ দক্ষিণপূর্ব এশিয়ার একটি মূল্যবান প্রাকৃতিক সম্পদ। এরজন্য আমরা অনেকদিন অপেক্ষায় ছিলাম। ঝাড়খণ্ডের রাজ্য ফুল এই সাদা পলাশের গাছ কয়েক বছরের মধ্যে বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি করবে।
দেশেবিদেশে উদ্ভিদবিদ্যায় বহু গবেষণাপত্রের লেখক তথা বিদ্যালয়ের প্রধানশিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন, ফ্লেম অফ দ্য ফরেস্ট নামে প্রসিদ্ধ এই সাদা পলাশ ঔষধি হিসেবে আয়ুর্বেদে মান্যতাপ্রাপ্ত। ক্যানসারের ওষুধ তৈরীর উপাদান সমৃদ্ধ এই গাছ সংরক্ষণের জন্য বনদপ্তর চেষ্টা চালাচ্ছে দীর্ঘদিন। আমরা এই গাছ বিদ্যালয়ে বসাতে পেরে সত্যিই আনন্দিত। এই চারা অবশ্যই বাঁচিয়ে রাখার চেষ্টা করা হবে। এটি আমাদের সকলের কাছেই অত্যন্ত মূল্যবান সম্পদ।

2
২৯ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচী

শহরের ২৯ নম্বর ওয়ার্ডে ১১২, ১১৩ এবং ১১৪ নম্বর পার্টে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচী অনুষ্ঠিত হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটি একটি স্বপ্নের প্রকল্প বলে উল্লেখ করেন ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত প্রামাণিক। তিনি বলেন, এই ধরনের কর্মসূচীর মধ্যে দিয়ে ওয়ার্ডের মানুষের বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয়গুলি সম্পর্কে জানা যাবে। এরফলে যেকোনো সমস্যার সমাধান ও চাহিদা পূরণের কাজটা সহজ হবে। এই প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। এই কর্মসূচীতে ওয়ার্ডের নাগরিকদের অংশগ্রহণের বিষয়ে তাদের সচেতন করা হয়েছে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই বিষয়ে মহাকুমা শাসক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অফিসার শ্যামল রায়, বর্ধমান পৌরসভার সচিব জয়রঞ্জন সেন, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় প্রমুখ। ২৯ নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি ভবনে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
জয়রঞ্জন সেন বলেন, এই কর্মসূচীর মধ্যে দিয়ে শহরের বিভিন্ন ওয়ার্ডের মানুষের চাহিদা পূরণ ও সমস্যার সমাধান অনেকটাই দ্রুত করা যাবে। ওয়ার্ডের মানুষদেরও তাদের চাহিদার কথা শিবিরে এসে জানাতে হবে।
তন্ময় সিংহ রায় বলেন, মুখ্যমন্ত্রীর এটি একটি স্বপ্নের প্রকল্প। এই প্রকল্প বাস্তবের রূপ পেলে প্রতিটি ওয়ার্ডের মানুষরা প্রশাসনের কাছে তাদের চাহিদার কথা জানাতে পারবেন। এর ফলে প্রতিটি ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ করা অনেকটাই সহজ হবে।

3
আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে কাজ শুরু রায়না ২ ব্লকে

রাজ্যের প্রতিটি জেলাতে রাজ্য সরকারের পক্ষ থেকে “আমাদের পাড়া আমাদের সমাধান” এই কর্মসূচী শুরু হয়েছে। ২ আগস্ট এই কর্মসূচীর সূত্রপাত হয়। সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও এই কর্মসূচী চলছে। পূর্ব বর্ধমান জেলার রায়না ২ নম্বর ব্লকে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পকে বাস্তবায়িত করার কাজ শুরু হয়েছে বলে জানালেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈয়দ কলিমুদ্দিন। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে ব্লকের বিভিন্ন এলাকার মানুষরা তাদের এলাকার সমস্যা ও চাহিদার কথা তুলে ধরবেন। সেই মতো প্রশাসনের পক্ষ থেকে কাজ করা হবে। মানুষের চাহিদার কথা বিবেচনা করে বিভিন্ন এলাকায় অগ্রাধিকারের ভিত্তিতে কাজ হবে। মানুষের গুরুত্বপূর্ণ চাহিদাগুলি দ্রুত মেটানো সম্ভব হবে। কলিমুদ্দিন বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সাধারণ মানুষের স্বার্থের কথা চিন্তা করে সরকারি প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেন। এই প্রকল্পেও তাই হচ্ছে। এই প্রকল্পের বিষয়ে তিনি স্থানীয় মানুষদের ভূমিকা সম্পর্কে তাদের অবহিত করেন।