1
মায়ের নামে বৃক্ষরোপণ মীনাপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে
মায়ের নামে একটি গাছ এই স্লোগানকে সামনে রেখে পূর্বস্থলী চক্রের মীনাপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে উদযাপিত হল অরণ্য সপ্তাহ। ২০২৫ শিক্ষাবর্ষে অরণ্য সপ্তাহ পালনের শেষ দিন ছিল মঙ্গলবার। সারাদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অরণ্য সপ্তাহ উদযাপিত হয়। এই দিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রত্যেকেই তাদের মায়ের হাতে একটি বৃক্ষ শিশু তুলে দেয়। সেই বৃক্ষচারা শিশু এবং মা যৌথভাবে বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করেন। একইভাবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী, অন্যান্য অভিভাবক মন্ডলী, গ্রামবাসী বৃন্দ এই অরণ্য সপ্তাহ উদযাপনে স্বতঃস্ফূর্তভাবে সামিল হন। সকলের উপস্থিতি এবং সহযোগিতায় এদিন বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ধরনের পাঁচ শতাধিক বৃক্ষ শিশু রোপণ করা হয়। সবুজে সবুজে ভরাবো ভুবন এ আমাদের প্রতিজ্ঞা, এই বার্তা তুলে ধরা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। বিদ্যালয়ের দুই ছাত্রী নাঈমা খাতুন ও সুইটি মাঝি বলে, মায়েদের সঙ্গে গাছ লাগাতে পেরে তারা খুব খুশি হয়েছে। এই গাছগুলি তারা বাঁচিয়ে রাখতে চায়। উপস্থিত দুই মা দীপা বাগ ও আলেয়া বিবি বলেন, এখানকার পরিবেশকে সবুজে ভরিয়ে তোলার কাজে তারা যুক্ত হতে পারায় নিজেদের ধন্য মনে করছেন। খুব ভালো লাগছে তাদের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার বলেন, শিশুদের মধ্যে এখন থেকে সবুজের প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করাতে পারলে, ভবিষ্যতে তারা বড় হয়ে নিজেরাই গাছের প্রতি আকৃষ্ট হবে। গাছকে বাঁচিয়ে রাখতে তৎপর হবে।
2
বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ডিজিটাল সাক্ষরতার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি
বর্ধমান শহরের কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে এসেছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা। “সমাজে অবদান” এই প্রজেক্টের আওতায় তারা ডিজিটাল সাক্ষরতার মাধ্যমে বিদ্যালয় স্তরের পড়ুয়াদের মধ্যে কিভাবে তথ্য জ্ঞাপন এবং তার ব্যবহারে নির্ভরতা ও নিরাপত্তা নিশ্চিত করা যায়, তার ওপর একটি শিক্ষামূলক সেমিনারের আয়োজন করেন। বিভিন্ন বক্তা সহজভাবে বুঝিয়ে বলেন, রোজকার পড়াশোনা এবং কেনাকাটা ইত্যাদিতে হ্যাকিং সামলে ইন্টারনেটের মাধ্যমে জীবনযাত্রা চালিয়ে যাওয়া যায়।
বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষিকা অনন্যা ঘোষ জানান, এই বিষয়ে ছোটদের সবসময়ে নির্দেশিকা প্রয়োজন। তারা নিত্যনতুন ফোন এবং অ্যাপ ব্যবহার করে। এই সেমিনার তাদের কাজে লেগেছে।
প্রধানশিক্ষক ড সুভাষচন্দ্র দত্ত বলেন, ডিজিটাল দুনিয়ায় নিজেকে এগিয়ে না রাখতে পারলে নিজের ক্ষতি। এই সেমিনার তারই একটি ধাপ। এখান থেকে যথেষ্ট জ্ঞান অর্জন করতে পেরেছে এখানকার ছাত্রছাত্রীরা। এরফলে তারা উপকৃত হবে।


